অপরাধের অপর পিঠে অনুশোচনার এক গল্প!

সিনেমাটি দেখে আফসোস বা ক্ষোভ—যে সুরেই বাজুক না কেন দর্শকের মন, প্রতি মুহূর্তে দায়িত্ববোধের কথাই মনে করিয়ে দেন নির্মাতা। যেখানে মিশে আছে কিছু আবেগ।

 

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১০:১৪ পিএম

দাগি চলচ্চিত্রের দৃশ্যে আফরান নিশো। ছবি: চরকি

মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায়, যাবতীয় অপরাধের জন্য ক্ষমাপ্রার্থী এবং অনুতপ্তকারীকে ক্ষমা করা—ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’তে এসব বিষয়ের অবতারণা করেছেন নির্মাতা শিহাব শাহীন। সিনেমাটি দেখলে মনে হয় যে, অপরাধের অপর পিঠে তিনি এক ‘অনুশোচনা বা মায়ার গল্প’ বুনতে চেয়েছেন।

দাগি’র শুরুটা একজন ১৪ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির আকস্মিক মুক্তি পাওয়ার মধ্যদিয়ে। দিনটি বিজয় দিবস। কারাগার থেকে মুক্তি পায় অনেক বছর আগের এক চাঞ্চল্যকর হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি, যার নাম ‘নিশান’। ভালো কাজের উপহার স্বরূপ নির্ধারিত কারাভোগের আগেই কারা অধিদপ্তর তার সাজা মওকুফ করেছে। কিন্তু নিজের এলাকায় নিশান এক ত্রাস! তার আকস্মিক মুক্তিতে গোটা এলাকা অবাক! কিছুটা ভীতসন্ত্রস্তও বটে। এমনকি নিশানের ছাড়া পাওয়ার বিষয়টি তার বাবা-মায়ের কাছেও অবিশ্বাস্য! সিনেমাটিতে এমনই এক ‌‘দাগি’র আখ্যান চিত্রায়িত করেছেন নির্মাতা।

দুনিয়া বিপৎসংকুল, এক অপরাধ আরেক অপরাধকে ডেকে আনে!—কারাগার থেকে মুক্তির সময় তাই কিনা নিশানকে একজন সাবধান করে দেয় এই বলে যে—‘জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি, সারাটা জীবন!’ 

দাগি’র একটি দৃশ্যে তমা মির্জা। ছবি: চরকি

অর্থাৎ জেল থেকে মুক্তি পাওয়াই শেষ কথা নয়! বরং নিশানকে সামনে আরও বেশ জটিল জীবনের মুখোমুখি হতে হচ্ছে! পর্দায় সেসব পরিস্থিতিই নাটকীয়ভাবে ফুটে উঠে।

লাল না হয়ে নীল হলো ক্যান! 
এ সিনেমায় কিছু মুহূর্ত রয়েছে, যেখানে দর্শকরা আফসোস করতে পারেন! অর্ণবের গানের সুরে বলতে পারেন, ‘হোক কলরব ফুলগুলো সব / লাল না হয়ে নীল হলো ক্যান?’ অর্থাৎ একটি ঘটনা এমন না হয়ে ‘অমন’ হলেই নিশানের জীবন হতো সুন্দর, নির্ঝঞ্ঝাট! সিনেমাটি দেখে দর্শকরা যেমন একদিকে আফসোসের সুরে ভাসতে পারেন, অন্যদিকে আবার তীব্র ক্ষোভেও ফেটে পড়তে পারেন! তবে আফসোস বা ক্ষোভ—যে সুরেই বাজুক না কেন দর্শকের মন, প্রতি মুহূর্তে দায়িত্ববোধের কথাই মনে করিয়ে দেন নির্মাতা। যেখানে মিশে আছে কিছু আবেগ।

সংলাপে ছুঁয়ে দিল মন
দাগিতে দর্শকের মন ছুঁয়ে যেতে পারে বেশ কিছু সংলাপে। যেগুলো কখনও ভাবায়, আবার কখনও হাসায়। যেমন, ‘জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি, সারাটা জীবন!’, ‘অপরাধবোধের একটা পাথর না বুকের ভিতর চাপ দিয়ে ধরে রাখে!’, ‘কুত্তামারা হ্যান্ডসাম’ কিংবা ‘ক্ষমা চাইতে সাহস লাগে, অনেক ক্ষমতাশালীর পতন হইছে ক্ষমা চায় নাই বইলা’।

দাগি চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা। ছবি: চরকি

রোমান্সের লাল-নীল ঘুড়ি
পর্দায় প্রেম-ভালোবাসার গল্প বলায় জুড়ি মেলা ভার নির্মাতা শিহাব শাহীনের। দাগি চলচ্চিত্রেও সেই ছাপ স্পষ্টভাবেই উপস্থিত। বলতে গেলে, নাটাই নিজের হাতে রেখে রোমান্সের লাল-নীল ঘুড়ি উড়িয়েছেন নির্মাতা!

সম্পর্কের জটিল সমীকরণ
সিনেমাজুড়ে রয়েছে বেশকিছু চরিত্রের উপস্থাপন, যারা একে অন্যের সঙ্গে সম্পৃক্ত। গল্পটি সম্পর্কের এক জটিল সমীকরণে গাঁথা।

উপরে উল্লেখিত এমন নানা বিষয় নজর কাড়ে দাগিতে। আর গল্পটিও সরলরৈখিক নয়, মানে একসঙ্গে নানাদিকে আলো ফেলেছেন নির্মাতা। ফলে গল্পের একদিকে হেলে পড়া যায় না!

একটি দৃশ্যে সুনেরাহ। ছবি: চরকি

এ সিনেমায় দাগি নিশানের ভূমিকায় রয়েছেন আফরান নিশো। পর্দায় তাঁকে বেশ কয়েকটি লুকে দেখা যায়, সিনেপ্রেমী কিংবা অভিনেতার ভক্তদের মনে যা ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম। এমন দুর্দান্ত উপস্থাপন নির্মাতা শিহাব শাহীনের মুনশিয়ানাও বটে। তবে এক-দুটো দৃশ্যে সংলাপ বলার ক্ষেত্রে আফরান নিশোর স্বকীয় বাচনভঙ্গি প্রকাশ পায়, যার সঙ্গে দর্শকরা আগে থেকেই পরিচিত! এই ‘মুদ্রাদোষ’ ব্যতীত গোটা সিনেমায় আফরান নিশো অনবদ্য।

নিশানের প্রেমিকা জেরিন চরিত্রে রয়েছেন তমা মির্জা। এক কথায় তিনিও স্বতঃস্ফূর্ত। আবার ঘটনাচক্রে ‘লিখন’ নামের অন্য একটি মেয়ের সঙ্গেও নিশানের পরিচয় ঘটে। সেই লিখন চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। এই চরিত্রে যতটা অভিনয়ের অবকাশ রয়েছে, সেটা পুরোমাত্রাই কাজে লাগিয়েছেন তিনি। অন্যদিকে, ‘রবি’ নামের দুর্ধর্ষ এক চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। বিরতি শেষে সিনেমাটি জমিয়ে দেন তিনি। এ ছাড়া অন্যান্য ভূমিকায় শহীদ্দুজামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, মনোজ প্রামাণিক, এ কে আজাদ সেতু, রাজীব সালেহীনসহ সবাই পরিমিতবোধ নিয়ে স্বতঃস্ফূর্ত অভিনয় করেছেন।

দাগি’র আবহসংগীত আর গানগুলোও দৃশ্যের সঙ্গে মানানসই। দর্শকের মাঝে আলাদা এক অনুভূতি ছড়িয়ে যায়। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিংসহ অন্যান্য বিষয়াদিও সাবলীল। 

রেটিং: ৪.১০ / ৫.০০

পরিচালক: শিহাব শাহীন
চিত্রনাট্য: শিহাব শাহীন
অভিনয়শিল্পী: আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু, শহীদ্দুজামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, মনোজ প্রামাণিক, এ কে আজাদ সেতু, রাজীব সালেহীন প্রমুখ
ধরন: ড্রামা, অ্যাকশন, রোমান্স
ভাষা: বাংলা
মুক্তি: ৩১ মার্চ ২০২৫

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর