রিয়া গোপ যেদিন মারা যায়, সেদিন মনে হয়েছে আমারও কিছু করা উচিত: বাঁধন

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৬:৫৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার সঙ্গে একাত্ম হয়ে রাজপথে নেমেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অধিকার আদায়ের লড়াইয়ে সোচ্চার ছিলেন তিনি। এবার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাহেন্দ্রক্ষণে ‘সেই সময়, এই সময়’ নিয়ে নিজের অভিজ্ঞতা-উপলব্ধির কথা জানালেন অভিনেত্রী। 

মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে প্রকাশ্যে আসা একটি সংবাদমাধ্যমের পডকাস্ট শো-এ বাঁধন জানালেন কীভাবে ঐতিহাসিক সেই গণ-আন্দোলনে যুক্ত হয়েছিলেন তিনি, কোন ঘটনা তাঁকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল এবং অভ্যুত্থান-পরবর্তী সময়ের অভিজ্ঞতা কেমন? 

বাঁধনের কাছে জানতে চাওয়া হয়েছিল ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কোন ঘটনা তাঁকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল? এমন প্রশ্নে তিনি শহীদ রিয়া গোপের কথা জানান। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বাড়ির ছাদে খেলতে গিয়ে মেয়েটি মাত্র ১১ মাস বয়সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।

ছাত্র-জনতার পক্ষে রাজপথে বাঁধন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাঁধন বলেন, ‘শিক্ষার্থীরা যখন হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, রাষ্ট্র যখন হত্যাগুলো করছে, তখন এক ধরনের অস্বস্তি কাজ করছিল। আমার ট্যাক্সের টাকায় কেনা বুলেট দিয়ে আমার ওপর গুলি চালাচ্ছে। এবং গুলি চালিয়ে সমানে মিথ্যাচার করছে। তারা যে এটা করছে, সেটার দায় তো নিচ্ছেই না, উল্টো আরও মিথ্যাচার করছে। এগুলো এক ধরনের অস্বস্তি দিচ্ছিল।’

যোগ করে তিনি বলেন, ‘যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল, তা হচ্ছে রিয়া গোপের মৃত্যু। কারণ, আমার বাচ্চাও ছাদে খেলতে যায়। আমার মনে হয়েছে, ওই বাচ্চার জায়গায় আমার মেয়েটাও থাকতে পারত। ওই মেয়েটা (রিয়া গোপ) যেদিন গুলিবিদ্ধ হয়, তার কিছুদিন পরে মারা যায়। আমি পুরো ঘটনা ফলো করেছি। যেদিন মারা যায়, সেদিন মনে হয়েছে যে আমার কিছু একটা করা উচিত; কিন্তু কী করব জানি না! আমার বলায় কী-বা আসবে যাবে! কারণ এই সরকার (ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার) তো আসলে কোনোভাবে চেইঞ্জ (পরিবর্তন) হওয়ার অপশন নেই। কেননা, ক্ষমতাকে তারা এমনভাবে কুক্ষিগত করেছে যে চেইঞ্জ হওয়ার কোনো উপায় নেই।’ 

তখন কী করলেন বাঁধন, সেই বিষয় জানিয়ে বললেন, ‘আমাদের একজন ডিরেক্টর আছেন—আকরাম ভাই (নির্মাতা আকরাম খান), তিনি আমাদের একটা গ্রুপে লিখলেন যে, ‘আমাদের কিছু একটা করা উচিত, কারণ শিক্ষার্থীদের সঙ্গে তো অন্যায় হচ্ছে। তাদের হত্যা করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে—এসবের বিরুদ্ধে শিল্পী হিসেবে আমাদের কিছু করা উচিত।’ তখন আমি তাঁকে পার্সোনাল টেক্সট করলাম যে, ‘ভাইয়া, আমি আপনার সাথে আছি; কী করবেন বলেন...।’ তিনি বললেন যে, আপনি গ্রুপে লেখেননি কেন?’ আমি বললাম, ‘ভাইয়া, স্ক্রিনশট নিয়ে কাকে পাঠিয়ে দিবে, এরেস্ট করে ফেলবে।’ তখন তিনি বলছেন, ‘আপনি সাহস করে গ্রুপে লেখেন। দেখবেন যে এটা অন্যদেরও অনুপ্রাণিত করবে।’ আমি লিখলাম এবং সাথে-সাথে আরও অনেকে সাড়া দেওয়া শুরু করল। এটা জুলাইয়ের ২৯ তারিখের কথা বলছি। আকরাম ভাই, পিপলু ভাই, ধ্রুব ভাই—তাদের নাম বলতেই হবে আমাকে। কারণ তারা না থাকলে সাহস করে রাস্তায় দাঁড়ানো হতো না। মাত্র দু’দিনে সিদ্ধান্ত নিয়েছি আমরা। তারপর তো ১ আগস্ট গিয়ে রাস্তায় দাঁড়ালাম।’

দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বাঁধন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জুলাই-আগস্টে রাজপথ যখন ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তখন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’র ব্যানারে জনপ্রিয় অভিনয়শিল্পীরা মানবন্ধন করেন। সেখানে অন্যতম মুখ ছিলেন বাঁধন। পডকাস্ট শোয়ে তিনি বলেন, ‘আমার মাথায় আসলে ওই মুহূর্তে ছিল শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় হচ্ছে। আমাদের সাধারণ জনগণের সঙ্গে অন্যায় হচ্ছে। সাধারণ জনগণকে গুলি করে মারা হচ্ছে, গণগ্রেপ্তার হচ্ছে। ইন্টারনেট শাটডাউন করছে—এই ধরনের একটা মিশ্র অনুভূতি ছিল।’

তিনি বলেন, ‘সেই সময়ে একজন নাগরিক হিসেবে অপমান বোধ করছিলাম। কারণ, আমার মনে হচ্ছিল যে, সরকার (ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার) নিজেদেরকে এত বেশি ক্ষমতাবান মনে করছে বা সুপিরিয়র ভাবছে যে, তারা জনগণকে মূলত বোকা মনে করছে। তারা মনে করছে, তারা যে মিথ্যাগুলো বলবে, সেগুলোই জনগণ মেনে নেবে; কারণ বছরের পর বছর আমরা মেনেই নিয়েছি!’

সম্প্রতি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হয়েছে। এই সময়েও নানা অভিজ্ঞতার মধ্যদিয়ে গেছেন বাঁধন। ভয়হীন ন্যায্য মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিল—সে বিষয়ে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল যে, অন্তত যাত্রাটা শুরু হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যাত্রাটাও শুরু হয়নি।’ 

কেন হলো না? কোথায় ব্যর্থ হলো সবাই?—তখন বাঁধন বলেন, ‘কোথায় ব্যর্থ হয়েছে, কীভাবে ব্যর্থ হয়েছে—আমি জানি না। কিন্তু ফেইল (ব্যর্থ হওয়া) করেছে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যা দেখছি, এতে আমার কাছে মনে হয়নি যে, আগের সরকারের আমল থেকে ভিন্নকিছু হচ্ছে। বরং এই সময়ে আরও যেটা যোগ হয়েছে, সেটা ‘মব কালচার’, যা ভয়ঙ্কর; মাজার ভাঙা হচ্ছে, ভাস্কর্য ভাঙা হচ্ছে, ৩২ নম্বর ভেঙে দিয়েছে... সভা-সমাবেশ করে নারীদের বে** বলা হচ্ছে! আমাকে সবচেয়ে বেশি দুঃখ দিয়েছে যে, একটা সমাবেশ ডেকে সেখানে নারী কমিশনের প্রধানকে বে** বলা হচ্ছে।’

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সামাজিকমাধ্যমে ব্যাপক মাত্রায় বুলিং বা আক্রমণের শিকার হচ্ছেন বলেও জানান বাঁধন। এ ছাড়া শিল্প-সংস্কৃতির বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
পবিত্র ঈদুল আজহার আমেজ যখন চারদিকে, তখন সাবেক ফুটবলার কায়সার হামিদের পরিবারে সেই আনন্দ অনেকটা ফিকে। মেয়ে কারিনা কায়সারকে ছাড়া এবারই প্রথম তাঁদের ঈদ কাটছে। সামাজিকমাধ্যমে আজ এক আবেগঘন পোস্টে সেই...
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার পূর্ব মনিপুরে তাঁর নিজস্ব ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর