বাংলা গানের ঐতিহ্য আর আধুনিকতার এক বর্ণিল মেলবন্ধন নিয়ে আবারও ফিরছে টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। এবারের ২০তম আসর আগামী ৭ এপ্রিল বসছে উত্তরবঙ্গের শহর বগুড়া পাঁচতারকা হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইন উন্মুক্ত প্রাঙ্গণে। জমকালো আয়োজনটা চলবে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত।
এবারের আসরে বিশেষ আকর্ষণ হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী কনকচাঁপা। অন্যদিকে বাংলা লোকসংগীতে অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হচ্ছে কাঙ্গালিনী সুফিয়া।
সম্মাননা পেয়ে কনকচাঁপা জানিয়েছেন, এটি তাঁর জন্য গভীর প্রাপ্তি এবং নতুন করে কাজের অনুপ্রেরণা। আর কাঙ্গালিনী সুফিয়ার ভাষায়, লোকগানই তাঁর জীবন—এই স্বীকৃতি প্রান্তিক শিল্পীদেরও এগিয়ে যেতে সাহস জোগাবে।
শুধু সম্মাননা নয়, এবারের আসরে থাকছে মোট ১৮টি ক্যাটেগরিতে পুরস্কার। আধুনিক, লোক, চলচ্চিত্র ও ব্যান্ড—সব ধারার সংগীতশিল্পীদের কাজ মূল্যায়ন করা হবে। সেরা গায়ক-গায়িকা, গান, অ্যালবাম, ব্যান্ড, চলচ্চিত্রের গান, সংগীত পরিচালক ও গীতিকার—প্রতিটি বিভাগেই জমেছে প্রতিযোগিতা।
বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত থাকবেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিত্বরা। তাদের মধ্যে রয়েছেন ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, ড. হোসনে আরা বেগম, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আফজাল হোসেন, মোহাম্মদ খুরশীদ আলম, রফিকুল আলম, কোনাল, ইমরান মাহমুদুল, লিজা ও লুইপাসহ আরও অনেকে।
আয়োজকদের প্রত্যাশা, বগুড়া ও আশপাশের জেলা থেকে হাজারো দর্শকের উপস্থিতিতে এটি রূপ নেবে এক বিশাল সংগীত উৎসবে। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই—যা ঘরে বসেই উপভোগ করা যাবে।


অভিনেতা রাহুলের মৃত্যু, এবার অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ ঘোষণা
