মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপ্রকৃতিস্থ’ আখ্যা দিয়ে অপসারণের দাবি জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সাবেক পরিচালক জন ব্রেনান। গত শনিবার এমএস নাউ-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকারে জন ব্রেনান জানান, ইরানি সভ্যতা ধ্বংস ও জীবনহানির হুমকিই তাঁকে ওভাল অফিস থেকে অপসারণের জন্য যথেষ্ট। বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট থাকার সময় ব্রেনান সিআইএ-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্রেনান বলেন, ‘এই ব্যক্তিটি (ট্রাম্প) স্পষ্টতই অপ্রকৃতিস্থ। আমার মনে হয় ২৫তম সংশোধনীটি ডোনাল্ড ট্রাম্পের কথা চিন্তা করেই লেখা হয়েছিল। ট্রাম্পের হাতে মার্কিন পারমাণবিক অস্ত্রাগার ও বিশাল সামরিক শক্তি থাকা বর্তমানে একটি বড় ঝুঁকি।’
ইরানের সঙ্গে সংঘাতের ইতি টানতে ইসলামাবাদে শান্তি আলোচনার কয়েক ঘণ্টা আগে গত ৭ এপ্রিল ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান সরকার আল্টিমেটাম না মানলে সেই রাতেই পুরো ইরানি সভ্যতা বিলীন হয়ে যাবে। ব্রেনানের মতে, এই হুমকি পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত।
ট্রাম্পের সাম্প্রতিক উগ্র বক্তব্যের জন্য এরই মধ্যে ডেমোক্র্যাটদের একটি বড় অংশ ২৫তম সংশোধনী কার্যকরের দাবি তুলেছেন। ১৯৬৭ সালে পাস হওয়া এই আইন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি মনে করেন প্রেসিডেন্ট তাঁর দায়িত্ব পালনে অক্ষম, তবে তাঁকে অপসারণ করা সম্ভব।
এনবিসি নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন কংগ্রেসের ৭০ জনেরও বেশি ডেমোক্র্যাট সদস্য এই দাবি জানিয়েছেন। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখনই ট্রাম্পকে অপসারণের সম্ভাবনা তেমন একটা নেই। এর বড় কারণ ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পুরো মন্ত্রিসভা তাঁর প্রতি অনুগত।


