যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার অগ্রগতি না হওয়ায় মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার শঙ্কা বাড়ছে। এ পরিস্থিতিতে ছোট কোনো ঘটনাও নতুন করে সংঘাত উস্কে দিতে পারে, মনে করছেন পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক জাহিদ হুসাইন। তাঁর মতে, কয়েক দশকের বৈরিতা মাত্র ২১ ঘণ্টার আলোচনায় সমাধানের আশা বাস্তবসম্মত না।
ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে টানা ৪০ দিনের হামলা-পাল্টা হামলা, হুমকি-পাল্টা হুমকি। এরই মধ্যে পাকিস্তানের প্রস্তাবে ৭ এপ্রিল হঠাৎ ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের। ১১ এপ্রিল ইরানের ১০ দফা নিয়ে ইসলামাবাদে ২১ ঘণ্টার আলোচনা। তবে হয়নি কোনো চূড়ান্ত সমাধান বা চুক্তি।
এ পরিস্থিতিতে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা আন্তর্জাতিক মহলে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ৪৭ বছরের বৈরিতা ২১ ঘণ্টায় শেষ করার আশা অবাস্তব।
নিরাপত্তা বিশ্লেষক ও লেখক জাহিদ হুসাইন বলেন, ‘৪৭ বছরের তিক্ততা ২১ ঘণ্টায় শেষ হবে তা কেউই আশা করেনি। তবে এই আলোচনা তাৎপর্যপূর্ণ ছিল। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল রাজি না হওয়াই সবচেয়ে বড় বাধা।
এই বিশ্লেষক আরো বলেন, ইরানের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। তাই, ছোট কোনো ঘটনাও নতুন করে সংঘাত উস্কে দিতে পারে।
‘দ্রুতই হয়তো লড়াই শুরু হবে না। তবে এটা নিশ্চিত, পরিস্থিতির উন্নতি হবে না। মধ্যপ্রাচ্যে উত্তেজনা থাকবেই। যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ অব্যাহত রাখলে আবারও যুদ্ধের সূত্রপাত ঘটতে পারে’ – বলেছেন জাহিদ হুসাইন।
এদিকে পাকিস্তান ছাড়াও চীন, রাশিয়া ও তুরস্ক মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে - বলছেন বিশ্লেষকরা। অস্থায়ী যুদ্ধবিরতির সময় শেষ হওয়ার আগেই কূটনৈতিক আলোচনাকে আবারও সঠিক জায়গায় ফেরানোর চেষ্টা চলবে বলে মনে করেন তারা।


