ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে চীন সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প লিখেছেন, ‘আমি হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দেওয়ায় চীন খুব খুশি। আমি এটি করেছি তাদের জন্য এবং সারা বিশ্বের জন্য। এই পরিস্থিতি আর তৈরি হবে না। তারা (চীন) ইরানে অস্ত্র না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছে।’
এর আগে তেহরানকে অস্ত্র না দেওয়ার অনুরোধ জানিয়ে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছিলেন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, চীন তেহরানকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে যে খবর প্রকাশ হয়েছে, তা ভিত্তিহীন।
ট্রাম্প আরও লিখেছেন, ‘আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব ভালোভাবে একসাথে কাজ করছি। এটি কি সংঘাতের চেয়ে ভালো নয়? কিন্তু মনে রাখবেন, আমরা লড়তেও খুব পারদর্শী, যদি দরকার হয়। অন্য সবার চেয়ে অনেক ভালো।’


