২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন। এরপর আর সুযোগ পাননি, ঘরোয়া ক্রিকেটেও এক সময় অনিয়মিত হয়ে পড়েন। অবশেষে আজ জানিয়ে দিলেন বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না তাঁকে। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পেসার রুবেল হোসেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ অবসরের কথা জানান ৩৬ বছর বয়সী এই পেসার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডানহাতি এই পেসার লেখেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’
জাতীয় দলকে বিদায় জানালেও রুবেল হোসেন ঘরোয়া ক্রিকেটে এখনো খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এই ব্যাপারে রুবেল লিখেছেন, ‘ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’
বাংলাদেশের হয়ে দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে ২৭টি টেস্ট খেলেছেন রুবেল। ২০০৯ সালে সাদা পোশাকে অভিষেক হলেও এই ফরম্যাটে ক্যারিয়ার বেশি বড় করতে পারেননি। ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি। ৪৪ ইনিংসে শিকার করেছেন ৩৬ উইকেট।
টেস্টের চেয়ে অবশ্য সাদা বলের ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেছেন রুবেল। ১০৪ ওয়ানডেতে নিয়েছেন ১২৯ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ২৬ রানে ৬ উইকেট। টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচে পেয়েছেন ২৮ উইকেট।


