ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কেননা সংগঠনটি মনে করে, ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের সামরিক সহযোগিতা আন্তর্জাতিক অপরাধে জড়িত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।
মধ্যপ্রাচ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মাঝেই এই মন্তব্য করলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিসার্চ, অ্যাডভোকেসি, পলিসি অ্যান্ড ক্যাম্পেইনস বিভাগের জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইনকে অমান্য করে বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। ইতালির সরকারকে উদ্দেশ করে এরিকা বলেন, ইউরোপীয় ইউনিয়ন–ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের পক্ষে অবস্থান নিয়ে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ শুরু করা উচিত।
উল্লেখ্য, গত মঙ্গলবার, ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। উল্লেখ্য, ইসরায়েলের বিরুদ্ধে গাজা, ইরান, লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রেও ইসরায়েল বিরোধীদের কণ্ঠস্বর জোরাল হচ্ছে। ইসরায়েলের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধ করতে মার্কিন সিনেটে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডেমোক্রেট দলীয় সিনেটর বার্নি স্যান্ডার্স।
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি আগামী ২২ এপ্রিল শেষ হতে যাচ্ছে। তবে এই সময়সীমা বৃদ্ধি করতে এবং মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী ও স্থিতিশীল সমাধানের লক্ষ্যে গত সপ্তাহে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে ২১ ঘন্টার সরাসরি শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়।
অবশ্য তাতে বড় কোনো সাফল্য না এলেও, আলোচনার চলমান এই প্রক্রিয়া অব্যাহত রাখতে দুই পক্ষই ইতিবাচক মনোভাব পোষণ করছে বলে জানা গেছে।


