যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের ওপর আঘাত হানতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি ইরান সরকারকে ‘বিচক্ষণতার সঙ্গে সঠিক পথ’ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
চলমান যুদ্ধ ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পেন্টাগনে এক ব্রিফিংয়ে পিট হেগসেথ এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও উপস্থিত ছিলেন।
ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ শুরু হওয়ার পর এই প্রথম তাঁরা জনসমক্ষে কথা বললেন। হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরান যদি ভুল পথ বেছে নেয় এবং চুক্তি না করে, তবে যুদ্ধ আবার শুরু করার মতো যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত শক্তি আছে। ইরান আর তাদের হারানো শক্তি ফিরে পাবে না।’
ইরানের সামরিক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আপনাদের ওপর নজর রাখছি। যুক্তরাষ্ট্র ও ইরানের সক্ষমতা এক নয় এবং এটি কোনো সমান শক্তির লড়াই নয়। আমরা দিন দিন আরও শক্তিশালী হচ্ছি। আপনারা আপনাদের বাকি লঞ্চার ও মিসাইলগুলো খুঁড়ে বের করছেন ঠিকই, কিন্তু সেগুলো নতুন করে তৈরি বা প্রতিস্থাপন করার ক্ষমতা আপনাদের নেই।’
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে পুনরায় প্রস্তুত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘প্রেসিডেন্টের নির্দেশ এবং একটি মাত্র বোতামের চাপে আমরা যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে তৈরি।’
যুক্তরাষ্ট্র কীভাবে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করছে—জানতে চাইলে হেগসেথ বলেন, ‘ইরানের নিয়ন্ত্রণ ক্ষমতা আগের চেয়ে কমে গেলেও যুদ্ধবিরতির বিষয়ে তারা বেশ আগ্রহী। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এই যুদ্ধ থেকে দূরে আছে বলে মনে হচ্ছে। তাদের পক্ষ থেকে এটি একটি ভালো সিদ্ধান্ত বলে আমরা মনে করি।’
এ সময় সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, গত ১৫ দিনে তিনি দুইবার মধ্যপ্রাচ্য সফর করেছেন। এই সময়ে মার্কিন বাহিনী তাদের কৌশল, পদ্ধতি ও কার্যপ্রণালি নতুন করে সাজাচ্ছে এবং সমন্বয় করছে বলেও জানান তিনি।


