জ্বালানি তেলের সংকটে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে বেড়েই চলেছে যানবাহনের ভিড়। দিন যত যাচ্ছে, বাড়ছে তেল নিতে অপেক্ষমান গাড়ির সারি। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, প্যানিক বায়িংয়ের কারণেও সংকট তৈরি হচ্ছে। গ্রাহকরা বলছেন, দীর্ঘ সময় অপেক্ষার কারণে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এতে প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে।
রাজধানীর পেট্রোল পাম্পগুলোর বাইরে আজকেও দেখা গেছে তেলের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকা চালকের ভিড়। কারো অপেক্ষা রাত থেকে ভোর, কারও আবার ভোর থেকে দুপুর পর্যন্ত।
কাঙ্ক্ষিত জ্বালানি তেল পেতে এমন লম্বা সারি এখন প্রতিদিনের চিত্র। মধ্যপ্রাচ্য যুদ্ধে দেশে হঠাৎ করেই তৈরি হয়েছে জ্বালানি সংকট। চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে পাম্প মালিকদের। তেজগাঁও, বাংলামোটর, শাহবাগ, মতিঝিলসহ পুরো রাজধানী জুড়েই পাম্পগুলোতে তেল নিতে ক্রেতাদের ভিড়।
চালকরা বলছেন, গরমে দীর্ঘ সময় অপেক্ষায় ভোগান্তি বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। সংকট দীর্ঘ হলে অর্থনীতিসহ জীবনযাত্রায় প্রভাব পড়বে বলে জানাচ্ছেন তারা।
তেল নিতে আসা এক চালক জানালেন, আমরা রাতের ১টা বাজে এখানে এসেছি। আমরা ঘুমাতেও পারিনি। আমাদের গাড়িও এখানে ছিল, আমরাও এখানে ছিলাম।
আরেক ভুক্তভোগী বলেন, মাত্র এই পর্যন্ত আসলাম। এরপর আরও দুই-আড়াই কিলোমিটার ঘুরে গিয়ে পাম্পে তেল নিতে হবে।
দীর্ঘ সময় অপেক্ষায় থাকা আরেক চালক জানান, তেলের জন্য এই যে একটা পেরেশানি। তারপর দেখেন, পাঁচটার সময় এসেছি, এখন পর্যন্ত এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি।
আরেক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, আমরা সাড়ে পাঁচটা থেকে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু এ পাশ দিয়ে কিছু লোক উল্টো এসে তেল নিয়ে চলে গেছে।
এদিকে, সরকার রেশনিং পদ্ধতি তুলে দিলেও, বাড়তি চাপ সামলাতে ফিলিং স্টেশনগুলো তেল দেওয়ার পরিমাণ কমিয়েছে। এতেই ভিড় বাড়ছে পাম্পগুলোতে অভিযোগ গ্রাহকদের।


