ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কি পাকিস্তানে যাচ্ছেন, নাকি যাচ্ছেন না? এক বড় সংশয়েই ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগেই এক সংবাদমাধ্যমে বলেছিলেন, ভ্যান্স পাকিস্তানে যাচ্ছেন না। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পাকিস্তানের উদ্দেশে রওনা দিচ্ছেন বলে জানানোর সময়ে ভ্যান্সের না যাওয়ার খবরও জানিয়েছেন। কারণ হিসেবে দেখিয়েছেন নিরাপত্তাশঙ্কাকে।
তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এখন জানাচ্ছে, হোয়াইট হাউজের সূত্র তাদের নিশ্চিত করেছে যে, ভ্যান্স যাচ্ছেন পাকিস্তানে! যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে শেষ পর্যন্ত কারা থাকছেন, এ নিয়ে সংশয়ের মধ্যে ভ্যান্সের যাওয়ার ব্যাপারে আমেরিকার সিদ্ধান্ত বদলের কারণ নিয়ে প্রশ্নে হোয়াইট হাউজের সূত্র সিএনএনকে বলেছেন, ‘কিছু পরিবর্তন এসেছে।’
এখানে প্রাসঙ্গিক তথ্য হিসেবে সিএনএন লিখেছে, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের নীতিমালার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র তাদের জানিয়েছেন, সিক্রেট সার্ভিস কখনোই চায় না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট একই সময়ে একই জায়গায় অবস্থান করুন। সেটা শুধু মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে উত্তেজনা চলতে থাকার সময়ে পাকিস্তানে প্রতিনিধিদলের যাওয়ার প্রশ্নেই নয়, যুক্তরাষ্ট্রের ভেতরেও ভ্রমণের ক্ষেত্রে এই নীতি মেনে চলার চেষ্টা করে সিক্রেট সার্ভিস।
প্রসঙ্গত, ইসলামাবাদে ইরান-আমেরিকা দ্বিতীয় দফা আলোচনার ক্ষেত্রে এমন সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে যে, আলোচনা ইতিবাচকভাবে এগোলে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে যেতে পারেন। সে ক্ষেত্রে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পাকিস্তানে যেতে পারেন এবং ট্রাম্প-পেজেশকিয়ান ‘ইসলামাবাদ ঘোষণা’য় স্বাক্ষর করবেন।
সেই সম্ভাবনার পুরোটাই অবশ্য ইরান আর আমেরিকার আলোচনা কতটা ইতিবাচকভাবে এগোয়, তার ওপর নির্ভরশীল।
সিএনএন লিখেছে, যদি শেষ পর্যন্ত ট্রাম্প পাকিস্তানে যাওয়া এবং ট্রাম্প-পেজেশকিয়ানের চুক্তি স্বাক্ষরের মতো পরিস্থিতি তৈরি হয়, সে ক্ষেত্রে ভ্যান্স আগেই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।
আপাতত ইসলামাবাদে আমেরিকান প্রতিনিধিদলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গী হিসেবে মার্কিন এনভয় স্টিভ হুইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের নাম জানিয়েছে সিএনএন।
ট্রাম্প এর আগে জানিয়েছেন, আগামীকাল সোমবার সন্ধ্যায় এই প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। অবশ্য এই ঘোষণার সময়ে ভ্যান্স যাবেন না বলেই জানিয়েছিলেন ট্রাম্প।
সপ্তাহখানেক আগে ইসলামাবাদে ইরান-আমেরিকার প্রথম দফার আলোচনার সময়েও ভ্যান্স গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতা হিসেবে, সেবারও তাঁর সঙ্গী ছিলেন কুশনার ও হুইটকফ। সে সময়ে আলোচনার আগে ইরানের দিক থেকে দাবিই ছিল, আলোচনায় শুধু কুশনার ও হুইটকফ নয়, ভ্যান্সকেও থাকতে হবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ শুরুর আগে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন হুইটকফ ও কুশনার, তখন ভ্যান্স ছিলেন না প্রতিনিধিদলে।


