৩০ বছরের দীর্ঘ অপেক্ষার অবশেষে মধুর অবসান। নিরুদ্দেশ বাবার সঙ্গে সন্তানদের হলো পুনর্মিলন। জীবিকার খোঁজে মালয়েশিয়ায় গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন শরীয়তপুরের নড়িয়ার আমির হোসেন তালুকদার। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ভিডিও ছড়িয়ে পড়লে খোঁজ পান স্বজনেরা। মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে বাটিক এয়ারের ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছান আমির হোসেন।
প্রায় ৩০ বছর আগে কাজের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমান আমির হোসেন তালুকদার। শুরুর দিকে প্রথম তিন বছর পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও পরবর্তীতে দীর্ঘ ২৭ বছর মেলেনি কোনো খোঁজ। এই সময়ের মধ্যে ১৫ বছরই তাঁর মানবেতর জীবন কেটেছে জঙ্গলে জঙ্গলে।
তার ফিরে আসার আশাও যেন প্রায় শেষ হয়ে গিয়েছিল। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ খোঁজ মেলে। পুনর্মিলন হয় পরিবার ও স্বজনদের সাথে।
তাঁর এক ছেলে বলেন, ‘ত্রিশ বছর পর বাবাকে কাছে পেয়েছি। এ অনুভব বোঝানো যাবে না। আসলে এ পরিস্থিতির মধ্য দিয়ে যদি কেউ যায়, তাহলেই সে এটি বুঝতে পারবে।’
আরেক ছেলে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমরা খুবই আনন্দিত। ভেবেছিলাম বাবাকে আর কখনোই দেখব না। ভাগ্যে ছিল বলেই আবার বাবাকে দেখছি।’
এ ক্ষেত্রে সহায়তা করেন প্রবাসীরাও। আমির হোসেনের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থার কথা জানান অভিবাসীদের নিয়ে কর্মরত ব্র্যাকের ব্যবস্থাপক।
ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার ম্যানেজার আল-আমিন নয়ন বলেন, ‘আমির হোসেনকে যখন প্রবাসী বাংলাদেশিরা খুঁজে বের করল তখনই তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হলো। প্রবাসী বাংলাদেশি ও ব্র্যাকের যৌথ সহযোগিতায় পরিবারের সন্ধান করা হয়। অবশেষে তাঁর পরিবারকে খুঁজে পাওয়া যায়।’
এই ফিরে আসা যেন নতুন জীবন দিয়েছে পরিবারটিকে। নতুন আশা নিয়ে নিজ গ্রামেই এবার বাকিটা জীবন কাটিয়ে দিতে চান আমির হোসেন।


