ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশ বেড়েছে। আজ বৃহস্পতিবার আল জাজিরার লাইভে এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমটি বলছে, যতদিন ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে, ততদিন হরমুজ প্রণালি পুনরায় চালু না করার ইরানের অঙ্গীকারের মধ্যে বৃহস্পতিবার তেলের দামে এই বড় লাফ দেখা গেল।
মার্কিন তেলের বেঞ্চমার্ক চুক্তি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪.০৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৭৩ ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুড ৩.৬২ শতাংশ বেড়ে ১০৫.৬৩ ডলারে দাঁড়িয়েছে।
আল জাজিরা বলছে, হঠাৎ করে তেলের দাম বাড়ার পরবর্তী কয়েক মিনিটে দাম কিছুটা কমে আসে। যুদ্ধ আবার শুরু হবে কিনা, সেই অনিশ্চয়তার কারণে তেলের দাম সামান্য ওঠানামা করছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করে ইরানও। একই সঙ্গে হরমুজ প্রণালিতে দেওয়া হয় অবরোধ। এর পর থেকেই বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা শুরু।
এরই মধ্যে যুদ্ধে সাময়িক বিরতি আছে। পাকিস্তানে এক দফা বসেও ইরান ও যুক্তরাষ্ট্র কোনো শান্তি চুক্তি ঠিক করতে পারেনি। আবারও দু দেশের বসার কথা থাকলেও এখন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় তেলের দামে অস্থিরতা বিদ্যমান আছে।


