সিনেদুনিয়ায় ‘বলিউড কুইন’ হিসেবে পরিচিত কঙ্গনা রনৌত। রাজনীতির ময়দানে পদ্মফুলের বাহক এই হিমাচল-কন্যা। বর্তমানে বিজেপি থেকে লোকসভার সদস্য। বিধানসভার নির্বাচনী প্রচার উপলক্ষে ক’দিন আগেই তিনি কলকাতায় গিয়েছিলেন। সেখানে কালীঘাটে পূজা দেওয়া থেকে শুরু করে নন্দীগ্রামে ভোটের প্রচার—সবখানেই তাঁর সাজসজ্জা ছিল আলোচনায়। এবার সেই ভোটের ফলাফল ঘোষণার দিনেই কঙ্গনা নাকি রাহুল গান্ধীকে বিয়ের ইচ্ছেপ্রকাশ করেছেন!
সামাজিকমাধ্যমে আজ সকাল থেকেই ভাইরাল হয় কঙ্গনার এমন একটি পোস্ট। তারপর থেকেই তাঁকে নিয়ে শোরগোল! রীতিমতো নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন। তবে এবার এ বিষয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী।
ভাইরাল সেই কঙ্গনার পোস্টে লেখা, ‘যদি রাহুল গান্ধী বিজেপিতে যোগ দিতেন, তাহলে আমি তাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে প্রস্তুত।’ কিন্তু শেষমেশ এ বিষয়ে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী। তাঁর দাবি, ‘এই ভুয়া খবর কতটা জঘন্য তা ভাবনাতীত! আসলে রাজনীতির ময়দানে নারীদের কোনো সম্মান নেই। যারা এই ভুল তথ্য ছড়াচ্ছেন তাঁদের লজ্জা হওয়া উচিত।’
ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, কঙ্গনার নামে কেন এমন ভুয়া খবর রটে গেল আচমকা? এর সূত্রপাত কোথায়? মূল আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে রাঘব চড্ডার যোগদানের পরই সামাজিকমাধ্যমে এই ধরনের আপত্তিকর ‘মিম’ ছড়িয়ে পড়ে।
অভিনেত্রী-সাংসদ নিজেও সামাজিকমাধ্যমে খুব সক্রিয়। ফলে এ ধরনের পোস্ট মোটেই তাঁর নজর এড়ায়নি। চোখে পড়তেই একেবারে ফোঁস করে উঠলেন। কঙ্গনা মনে করেন, এ ধরনের পোস্ট কখনও মজার বিষয় হতে পারে না।
প্রসঙ্গত, এর আগে একবার রাহুল গান্ধীকে ‘নারীবিদ্বেষী’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। তিনি বলেছিলেন, ‘রাহুল গান্ধী একেবারে পথের গুণ্ডাদের মতো সংসদে আসেন। নারীরা তা দেখে অত্যন্ত অস্বস্তিতে পড়ে যায়। অত্যন্ত রূঢ়ভাবে আমাদের সঙ্গে তিনি কথা বলেন। গোটা বিষয়টা অত্যন্ত অসম্মানজনক।’
যোগ করে মাণ্ডির এ সাংসদ বলেছিলেন, ‘রাহুলের শেখা উচিত বোন প্রিয়াঙ্কার থেকে। প্রিয়াঙ্কার ব্যবহার অত্যন্ত সুন্দর। কিন্তু রাহুল গান্ধী একেবারে লজ্জাজনক।’


পশ্চিমবঙ্গ বিধানসভা: তারকা প্রার্থীদের কে এগিয়ে, কে পিছিয়ে
