কোরবানি ঈদ উপলক্ষে প্রচারে এসেছে অসংখ্য নাটক। তার ভিড়ে আলাদা করে নজর কেড়েছে ‘বই পোকা’। আকবর হায়দার মুন্নার গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন লিমন আহমেদ। পরিচালনা করেছেন তপু খান।
এতে জুটি হয়ে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। পর্দায় তাঁদের রসায়ন দর্শকের মনে দাগ কেটেছে।
গত ২ জুন ইউটিউব চ্যানেল ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টে প্রকাশিত হয়েছে নাটকটি। গড়পড়তা ট্রেন্ডি-কমেডি গল্পের ভিড়ে ভিন্নধর্মী ভাবনার পারিবারিক আবহের নাটকটি বেশ প্রশংসিত হয়েছে। প্রচার হওয়ার চারদিনেই নাটকটি দেখেছেন প্রায় ৯ লাখেরও বেশি দর্শক। কয়েক হাজার মন্তব্যের সবই এ নাটকের গল্প, নির্মাণ ও শিল্পীদের অভিনয় নিয়ে মুগ্ধতা প্রকাশের।

নির্মাতা তপু খান জানান, বই পোকা নাটকটিতে দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়ার মন্দ প্রভাব এবং এই আসক্তির নেতিবাচকতা। সেইসঙ্গে তরুণ প্রজন্মকে সাহিত্যের দিকে মনযোগী হওয়ার বার্তাও দেওয়া হয়েছে।
গল্পকার আকবর হায়দার মুন্না বলেন, ‘বর্তমানে আমাদের সমাজে সোশ্যাল মিডিয়া নিয়ে ফ্যান্টাসিটা বাড়াবাড়ি রকমের। এতে পারিবারিক, সামাজিক সম্পর্কগুলো নষ্ট হচ্ছে। পাশাপাশি এখন মানুষ বই, সাহিত্য পড়তে চায় না। এই বিষয়গুলোকে নাড়া দিতেই এই গল্পের ভাবনা। দর্শকের ভালো লাগছে দেখে তৃপ্তি পাচ্ছি।’

অভিনেতা খায়রুল বাসারের ভাষ্য, ‘একটা ভিন্নধর্মের গল্পের নাটক বই পোকা। এর সংলাপগুলো হৃদয় ছুঁয়ে যায়। তপু ভাইকে ধন্যবাদ এমন একটা নাটকের জন্য।’
নাটকটিতে কাজ করে আনন্দিত এই প্রজন্মের অভিনেত্রী সাদনিমাও। তিনি জানান, বই পোকা নাটকে কাজের অভিজ্ঞতা দীর্ঘদিন মনে থাকবে তাঁর। চরিত্রটির প্রেমে পড়েছেন তিনি।
বই পোকাতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, মুনীরা ইউসুফ মেমী, আব্দুল্লাহ রানা, রোজি সিদ্দিকী প্রমুখ। বিশেষ একটি চরিত্রে রয়েছেন তারিক আনাম খান।


লাকী আখান্দের জন্মদিনে এলো অপ্রকাশিত গান ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’
