দক্ষিণের পর বলিউডও মাতাচ্ছেন তামান্না ভাটিয়া। দু’দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন এই দক্ষিণী সুন্দরী। ক্যারিয়ারে মারকাটারি হিটের সংখ্যা খুব যে বেশি, তা নয়। তবে ‘বাহুবলী’-র মতো সফল ছবিতে অভিনয় করার পর থেকে কাজের অভাব নেই তামান্নার।
দু'হাতে কামিয়েছেন টাকা। ঊর্ধ্বমুখী অভিনেত্রীর পারিশ্রমিক। এই দিক থেকে তিনি টেক্কা দিতে পারেন তাবড় নায়িকাদের। তবে আরেক দিক আছে তামান্নার, যা সবার থেকে আলাদা।
অভিনেত্রীর কাছে রয়েছে বিশ্বের পঞ্চম বৃহৎ হিরার আংটি। অনেকে মনে করে থাকতে পারেন, এটি তাকে দিয়েছেন তার প্রেমিক বিজয় ভার্মা। তবে বিষয়টি সত্য নয়। কাজের সূত্রেই মিলেছে এমন মহামূল্যবান উপহার।
এটি অভিনেত্রীকে দিয়েছেন অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা কোনিডেলা। যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি টাকা। কিন্তু অভিনেতা রাম চরণের স্ত্রীই তামান্নাকে এমন বহুমূল্য উপহার দিলেন কেন?
জানা যায়, ‘সাই রা নরসিমা রেড্ডি’ ছবিতে অভিনয় করেন তামান্না। যার প্রযোজক উপাসনা ও রাম চরণ। শ্বশুর অভিনেতা চিরঞ্জীবীর স্বপ্নের ছবি ছিল এটি। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে তা। ছবিতে তামান্নার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন উপাসনা। তিনি এটি উপহার হিসেবে তুলে দেন তামান্নার আঙুলে।



