ঈদের পর বাংলাদেশে মুক্তি পেয়েছিল বলিউড কিং শাহরুখ খানের 'পাঠান'! ছবিটি ঘিরে তুমুল প্রচার চালিয়েছিল 'এসআরকে ইউনিভার্স বাংলাদেশ' নামের ফ্যান ক্লাব। এবার তাদের বাহবা দিলেন শাহরুখ।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ ইজ ওয়েটিং ফর জওয়ান’ এবং ‘উই ওয়ান্ট জওয়ান টু রিলিজ ইন বাংলাদেশ’ ব্যানার হাতে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সের সামনে জড়ো হয়ে স্লোগান দেয় ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ গ্রুপ। ভারতের সঙ্গে একই দিনে ‘জওয়ান’ মুক্তির দাবি জানান তারা।
‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের ফ্যান কমিউনিটি থেকে তোলা এই দাবিটি নজরে এসেছে বলিউড বাদশাহ’র। ফাহিম আজিজ নামে এক ভক্ত টুইটে এ ছবিটি পোস্ট করেছিলেন। আর সেই টুইটে গতকাল (২৬ আগস্ট) শাহরুখ খান নিজেই উত্তর দিয়েছেন। ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ ছেলেমেয়েরা।’ পরে শাহরুখ হ্যাশট্যাগ ‘জওয়ান’ লিখেছেন।
‘পাঠান’ ভারতে মুক্তির কয়েকমাস পরে বাংলাদেশে এসেছিল। ভক্তদের দাবি, এবার যেন একই সঙ্গে বাংলাদেশেও মুক্তি পায় ‘জওয়ান’।
এদিকে, ‘পাঠান’ বাংলাদেশে পরিবেশনা করেছিল অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। এর কর্ণধার অনন্য মামুন জানান, ‘জওয়ান’ বাংলাদেশে যথাসময়ে মুক্তি দেওয়ার বিষয়ে তিনিও চেষ্টা করছেন।
উল্লেখ্য, অ্যাকশন-থ্রিলার ঘরনার ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। সিনেমায় তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। পরিচালনায় আছেন দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমার। ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।



