অনির্দিষ্টকালের জন্য কুবি বন্ধ ঘোষণা

উপাচার্য-শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে উদ্ভুত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৯৩ তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কুবির জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি সিন্ডিকেট সভায় চলমান পরিস্থিতি সমাধান করতে দু’টি কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
 
জানা গেছে, মঙ্গলবার বিকেলে কুবির সিন্ডিকেটের জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এবং আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের আগামীকাল বুধবার  বিকাল ৪টার মধ্যে  আবাসিক হল ছাড়ারও নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পরবর্তীতে আলাপ-আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের দু’টি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর একটি শিক্ষকদের দাবি-দাওয়ার ব্যাপারে এবং অপরটি ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার তদন্ত কমিটি । 

শিক্ষকদের সাত দফা দাবি না মানায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ কিংবা অপসারণ দাবি করে আন্দোলন করে আসছে। সর্বশেষ তাঁরা উপাচার্যের পদত্যাগ দাবি করে অ্যাকাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বর্জন করার কর্মসূচি পালন করে আসছে। গত রোববারের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক সমিতি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। 

আরও পড়ুন: