কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের মধ্যে বেশ কিছুদিন থেকে চলছে দ্বন্দ্ব। উপাচার্যের পদত্যাগ দাবিতে এরই মধ্যে সকল কার্যক্রমের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এবার উপাচার্যকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য ও ট্রেজারার বিরুদ্ধে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ বিচার দাবি করে মানববন্ধন করে শিক্ষক সমিতি। এতে অংশ নেন শিক্ষক সমিতির অর্ধশতাধিক শিক্ষক।
এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর দপ্তরে প্রবেশের সময় হাতাহাতির ঘটনা ঘটে।
মানববন্ধনে বক্তারা দাবি জানান, গত রোববার উপাচার্যপন্থী প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষক সমিতির হাতাহাতির ঘটনায় যারা শিক্ষকদের ওপর হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এ ছাড়া উপাচার্য এবং ট্রেজারারকে পদত্যাগ অথবা অপসারণ করতে হবে।
শিক্ষকদের সাত দফা দাবি না মানায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ কিংবা অপসারণ দাবি করে আন্দোলন করে আসছে। সর্বশেষ তারা উপাচার্যের পদত্যাগ দাবি করে অ্যাকাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বর্জন করার কর্মসূচি পালন করে আসছে। গত রোববারের হাতাহাতির ঘটনায় উপাচার্যপন্থী ও শিক্ষক সমিতি কুমিল্লা সদর দক্ষিণ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এদিকে অর্থনীতি বিভাগের শিক্ষক ড. মো. শামীমুল ইসলামের ওপর সন্ত্রাসী ও বহিরাগতদের হামলার প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন অর্থনীতি বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।


কুবিতে উপাচার্য–শিক্ষক দ্বন্দ্ব, শিক্ষার্থীদের ক্ষতির দায় কে নেবে
