ভাষানটেকে গ্যাস বিস্ফোরণ: একে একে পরিবারের ৫ জনের মৃত্যু

রাজধানীর মিরপুরের ভাষানটেকের ১৩ নম্বর কালভার্ট রোড এলাকায় মশার কয়েল ধরাতে গিয়ে গ‍্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু সুজন (৯) মারা গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুরের দিকে মারা যায়। এ নিয়ে এই ঘটনায় একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হলো।

সুজন কুমিল্লা জেলার লাকসাম থানার চান্দগাও গ্রামের মো.লিটনের মেয়ে। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম সুজনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার দুপুরে দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সে।

এই ঘটনায় গত ১৩ এপ্রিল শনিবার শিশু সুজনের দাদি মেরুন্নেসা, ১৫ এপ্রিল রাতে মা সূর্য্য বানু, ১৬ এপ্রিল সকালের দিকে বাবা লিটন ও ১৯ এপ্রিল সকালের দিকে তার শিশু বোন লামিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

চিকিৎসক তরিকুল ইসলাম জানান, গত শুক্রবার (৫ এপ্রিল) ভোর রাতে মিরপুরের ভাষানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ছয়জনকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। শিশু সুজনের শরীর ৪৩ শতাংশ দগ্ধ ছিল। 

এছাড়া ওই পরিবারের একমাত্র সদস্য লিজা (৩০ শতাংশ) বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাঁর অবস্থাও আশঙ্কাজনক। তাঁর শ্বাসনালী পুড়ে গেছে বলেও জানান এই চিকিৎসক।