ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মুদি দোকানে এক ব্যক্তির ফেলে যাওয়া ট্রাভেল ব্যাগের ভেতরে প্রেসার কুকারে বিশেষ কায়দায় বানানো বোমা পাওয়া গেছে। উদ্ধার করে সেটি নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় আশুলিয়া থানায় বিস্ফোরক দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার বেলা ৩টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
ওসি তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিনগত রাতে আশুলিয়া থানাধীন চারাবাগ এলাকায় মুখে মাস্ক পরিহিত এক ব্যক্তি মুদি দোকানে কোমল পানীয় কিনতে ঢোকেন। এসময় তিনি দোকানিকে দুইশত টাকার নোট দেন। দোকানির কাছে ভাঙতি না থাকায় তিনি টাকা ভাঙতি করতে বাইরে যান। এ ফাঁকে অজ্ঞাতনামা ওই ব্যক্তি একটি ট্রাভেল ব্যাগ দোকানে রেখে চলে যান। দীর্ঘ সময় তিনি ফেরত না আসায় স্থানীয়রা ট্রাভেল ব্যাগ খুলে ভেতরে টেপ দিয়ে মুড়িয়ে রাখা একটি প্রেসার কুকার দেখতে পান। পরে তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে ধারণা করে প্রেসার কুকারের মধ্যে বোমা বানানো রয়েছে।
পরবর্তীতে, ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের খবর দেওয়া হলে তারা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয় সেটি একটি বোমা। পরে আজ সকাল ৬টা ২২ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে ঘটনাস্থলের পাশ্ববর্তী খোলাস্থানে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম আরও জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে খুঁজে বের করতে এরইমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। এছাড়া এই ঘটনায় আশুলিয়া থানায় বিস্ফোরক দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



