রংপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীর মৃত্যু

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী চলমান কোটা সংস্কার আন্দোলনে যুক্ত ছিলেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ওই শিক্ষার্থীর সহপাঠীরাও এ বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, নিহত ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মঙ্গলবার দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাইফুজ্জামান ফারুকী ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘একজন মারা গেছেন, এটি নিশ্চিত। তার নাম আবু সাঈদ। কিন্তু নিহত ব্যক্তি কীভাবে মারা গেছেন, তা আমরা দেখছি।’

আরও পড়ুন: