মাসখানেক ধরেই গুঞ্জন বাংলাদেশেও মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘ডানকি’। শোনা যাচ্ছিল, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একই দিনে (২১ ডিসেম্বর) এ দেশের দর্শকরাও দেখতে পাবেন সিনেমাটি। অবশেষে সেটিই হলো। সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্র পেল ‘ডানকি’। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন।
বাংলাদেশে সিনেমাটি যৌথভাবে আমদানি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
অনন্য মামুন বলেন, 'প্রথম শো বসুন্ধরা সিটিতে হওয়ার কথা থাকলেও তা আর সম্ভব হয়নি। তবে আজ রাতেই বাংলাদেশে প্রথম শো হচ্ছে কেরানীগঞ্জের জয় সিনেমাস ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে।'
‘ডানকি’তে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখ খান। প্রখ্যাত নির্মাতা রাজকুমার হিরানি পারিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, বোমান ইরানি, ভিকি কৌশল প্রমুখ।
সিনেমাটিতে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। কাহিনি এগিয়েছে হার্ডি ও তার চার বন্ধুকে কেন্দ্র করে। স্বপ্ন পূরণ করার জন্য তারা লন্ডনে যেতে চান। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানেন না, তাই ভিসা পেতে সমস্যা হয়। এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেন লন্ডনের পথে। যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ।
প্রসঙ্গত, চলতি বছর ব্লকবাস্টার হ্যাটট্রিকের পথে শাহরুখ। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর এবার মুক্তি পেল ‘ডানকি’। প্রথম দুটি সিনেমাই বক্স অফিসে বাজিমাত করেছে দারুণভাবে। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, অন্য দুটি ছবির মতো বছর শেষেও বক্স অফিস কাঁপাবেন শাহরুখ। মুক্তির প্রথম দিন ‘ডানকি’র আয় দাঁড়াবে ৩০-৩৫ কোটি রুপি।