ট্রেলার প্রকাশের পর থেকেই অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই ছবিটি নিয়ে। এতে শাহরুখ খান ছাড়াও রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোনসহ অনেকে।
কিন্তু ট্রেলার মুক্তির পর আরও দুজনের নাম সামনে এলো—আলিয়া ভাট ও শাহরুখপুত্র আরিয়ান খান। ট্রেলারের শাহরুখ খানই নিলেন এই অভিনেত্রীর নাম।
একটি অংশে শাহরুখকে জিজ্ঞাসা করা হয় ‘তুমহে চাহিয়ে কেয়া’, তাঁর উত্তরে সেই চরিত্রটি বলে, ‘চাহিয়ে তো আলিয়া ভাট।’ বাংলায় যা অর্থ দাঁড়ায়, ‘চাই তো আলিয়া ভাট’। আর এই সংলাপ মুহূর্তে হয়ে গেল ভাইরাল। কিন্তু যাঁকে নিয়ে এই সংলাপ, তিনি নিজে কী বলছেন? হ্যাঁ, আলিয়াও এই সংলাপ শুনে প্রতিক্রিয়া জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের মতে, ট্রেলারের ভূয়সী প্রশংসা করেছেন আলিয়া। এই সংলাপের প্রেক্ষিতে তাঁর জবাব, ‘আর দুনিয়ার সকলের চাই শুধু এসআরকে’। আলিয়ার এই জবাবও ভালো লেগেছে তাঁর অনুরাগীদের। তার পরে এই সংলাপ আরও হিট হয়ে গেছে।
ছবির আরও একটি সংলাপ জনপ্রিয় হয়েছে। শাহরুখকে বলতে শোনা যাচ্ছে ‘বেটে কো হাত লাগানে সে প্যাহেলে বাপ সে বাত কর’ অর্থাৎ ‘ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বল।’ এই অংশটি আলাদা করে কেটে ইতোমধ্যেই নেট দুনিয়ায় হয়েছে ভাইরাল। অনেকের দাবি, শাহরুখ এই ডায়ালগের মাধ্যমে আসলে ব্যক্তিগতভাবে সকলকে বার্তা দিয়েছেন। আর এই বার্তা ‘বাদশা’ পুত্র আরিয়ানের গ্রেফতারি প্রসঙ্গে।
ছবির ট্রেলারে এবার দেখা গেল শাহরুখ খানের আরও একাধিক লুক। যত দূর জানা গিয়েছে, বাবা ও ছেলে দুই চরিত্রেই অভিনয় করেছেন তিনি। ছবিতে দক্ষিণী তারকা বিজয় সেতুপতির অভিনীত চরিত্রটি সম্পর্কেও বেশি করে জানা গেল ট্রেলারে। নজর কেড়েছেন নয়নতারাও। এই ছবিতে গুরুত্বপূ্র্ণ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
উল্লেখ্য, অ্যাকশন-থ্রিলার ঘরনার ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। সিনেমায় তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। পরিচালনায় আছেন দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমার। ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।