গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস-জয় চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। এ সিনেমা দিয়েই জুটি হিসেবে আত্মপ্রকাশ তাঁদের। এরপর তাঁরা চুক্তিবদ্ধ হন ‘ট্র্যাপ—দ্য আনটোল্ড স্টোরি’ নামের নতুন একটি সিনেমায়। এটি পরিচালনা করেছেন দ্বীন ইসলাম।
জানা গেছে, এরইমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন। চলছে ডাবিং ও মুক্তির প্রস্তুতি। আসন্ন দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে জয়-অপুর এই ছবি। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী।
তাঁর সঙ্গে কথা হলে বললেন, ‘মধ্যে আমি আমেরিকায় ছিলাম, দেশের ফিরেই ট্র্যাপ সিনেমাটির ডাবিংয়ে অংশ নিয়েছি। এবারের দুর্গাপূজায় আমাদের এই ছবি আসবে।’
দেশে মূলত দুটি ঈদ উৎসব ঘিরেই সিনেমা মুক্তি দিতে চান নির্মাতা-প্রযোজকেরা। সেই ধারা থেকে বেরিয়ে এসে দর্শক মাতাতেই এই প্রয়াস বলে জানালেন চিত্রনায়ক জয় চৌধুরী। ছবিটি সম্পর্কে এই চিত্রনায়কের ভাষ্য, ‘বাণিজ্যিক ধারার ছবি এটি। সামাজিক বার্তা রয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে আমরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হই—সেসব সমস্যাই এই সিনেমার মূল পটভূমি। যদি পরিবেশ-পরিস্থিতি ঠিক থাকে তাহলে দুর্গাপূজাতেই ছবিটি আসছে, এখন দেখা যাক।’
দ্বিতীয়বারের মতো এ সিনেমা দিয়ে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বাঁধলেন, সে হিসেবে নতুন সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা কেমন? এমন প্রশ্নে জয় চৌধুরী বলেন, ‘‘ট্র্যাপ সিনেমাটির গল্প ভিন্ন রকমের। এই সিনেমায় কাজ করে আমি ও অপু দুজনেই খুব খুশি। আশা করছি, দর্শকরাও সিনেমাটি উপভোগ করবেন। এর আগে আমাদের ‘প্রেম প্রীতির ভালোবাসা’র প্রতিও দর্শকরা ভালোবাসা দেখিয়েছেন। এবারও তেমনটাই হবে বলে আশা করছি।’’
জানা গেছে, এ সিনেমায় জয়-অপু ছাড়াও অভিনয় করেছেন বড়দা মিঠু, জয়রাজ প্রমুখ। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে ডিএন প্রডাকশন।