পরীর প্রসঙ্গ সামনে আসায় মাহি ফিরিয়ে দিয়েছেন ৯ লাখ টাকা 

গত ১০ অক্টোবর দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফেরেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার কাজে অংশ নেন তিনি। একদিন পার না হতেই বেঁকে বসেন নায়িকা।

পরিচালককে জানিয়ে দেন, কাজটি তিনি আর করবেন না। নতুন খবর হলো—এরপর পারিশ্রমিকের ৯ লাখ টাকাও ফিরিয়ে দিয়েছেন তিনি।

এতকিছুর মূল কারণ ছবিটির নায়ক-প্রযোজক মুন্না খানের একটি বক্তব্য। যেখানে তিনি নায়িকা হিসেবে নাম নিয়েছিলেন পরী মণির। প্রবাসী ব্যবসায়ী মুন্না খান এক সাক্ষাৎকারে পরী মণিকে নায়িকা হিসেবে পাওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন। বলেছিলেন, ‘আমি পরী মণির ভক্ত। তাই পরীকে সিনেমাটিতে নায়িকা হিসেবে চেয়েছিলাম। পরী মণি না করায় সিনেমাটিতে নায়িকা হিসেবে মাহিয়া মাহিকে নেওয়া হয়েছে।’

অবশেষে বিষয়টি নিয়ে কথা বললেন মাহিয়া মাহি। তাঁর ভাষ্য, ‘আমি জানতাম না যে, আরেকজন নায়িকা না পেয়ে তিনি আমাকে নিয়েছেন। এমনটা হতেই পারে। এটা দোষের কিছু নয়। কিন্তু প্রযোজক যে ভঙ্গিতে কথাটি গণমাধ্যমে বলেছেন, তা আমার ভালো লাগেনি। আমাকে একজন ছোটখাটো নায়িকা হিসেবে বিবেচনা করেছেন প্রযোজক। যা দেখার পর খুবই বিরক্ত বোধ করেছি আমি। বিষয়টি আমার কাছে অপমানজনক মনে হয়েছে।’ 

মাহি জানান, সিনেমাতে কাজের জন্য নেওয়া পারিশ্রমিকের ৯ লাখ টাকাও ফেরত দিয়েছেন তিনি। একদিন শুটিং করেই নির্মাতাকে জানিয়েছেন, সিনেমাটি তিনি আর অভিনয় করবেন না। পরিচালক বারবার যোগাযোগ করলেও নিজ সিদ্ধান্তে অটল ছিলেন মাহি।

পরী মণির সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলেও জানান মাহি। তাঁর কথায়, ‘গণমাধ্যমে তাঁর (মুন্না খান) এভাবে কথা বলা যথোপযুক্ত মনে হয়নি আমার কাছে। আমাকে ছোট করা হয়েছে। আমার কাছে বিষয়টি মনে হয়েছে, অন্যের ছেড়ে দেওয়া সিনেমাই আমি করি। তবে পরী মণির জন্য রাগ করিনি। ওর সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব নেই আমার। আমাদের মধ্যে ভালো সম্পর্ক।’

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ মার্চ প্রথমবারের মতো মা হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর আগে-পরে মিলিয়ে বছর খানেক সিনেমার শুটিংয়ে দেখা যায়নি তাঁকে। তবে ব্যস্ত ছিলেন রাজনৈতিক প্রচারে।