ময়ূরাক্ষীর আইটেম গানে রিকশাপেইন্ট

কোরবানির ঈদে বড় পর্দায় আসছে রাশিদ পলাশের চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’। সিনেমার প্রচারের এবার পরিচালক সামনে আনলেন এর আইটেম সং। ২ মিনিট ৫ সেকেন্ডের এ গানে উঠে এল বাংলা সিনেমার সোনালি যুগ ও রিকশাপেইন্ট।

ছবির নির্মাতা রাশিদ পলাশ জানান, এটাকে তিনি ইন্ট্রোডিউসিং সং বলতে চান। ‘পিরিতির বাজার এহন আগের মতো নাই’ শিরোনামের আইটেম গানে নাচতে দেখা যায় আলিশা ইসলামকে। নাদিম ভুঁইয়ার সংগীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাকি। গান ভিডিও ও গ্রাফিক্সে রিকশা পেইন্ট, বাংলা সিনেমার সোনালি সময়ও ফিরে এসেছে গানটিতে।

এদিকে ইতিমধ্যে এসেছে ময়ূরাক্ষীর টিজার। এতে দেখা যায়, ছিনতাইকারীর কবলে পড়েছে একটি বিমান, সাহায্য চাইছেন পাইলট। গণমাধ্যমে মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে। দেশজুড়ে উত্তেজনা। টিজারের শেষে লেখা দেখা যায়– ‘বেঈমান পাখির গল্প’ ।

ময়ূরাক্ষী চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তুরী চৌধুরী।