হলে তিন-তিনটি ছবি, বিক্রি হলো না একটি টিকিটও!

রাজধানীর ১১টি প্রেক্ষাগৃহে গত শুক্রবার মুক্তি পেয়েছে রফিকুল ইসলাম খান নির্মিত চলচ্চিত্র ‘কন্যা’। মুক্তির ৩ দিন পর খবর পাওয়া যায় কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে এর একটি টিকিটও বিক্রি হয়নি। 

জানা যায়, সিনেমটির অবস্থা এখনও অপরিবর্তনীয়। পাঁচ দিন পার হলেও ছবিটি দেখতে কেউ আগ্রহ প্রকাশ করেনি, কেনেননি কোনো টিকিট।

মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাসে প্রতিদিন দুটি করে শো চলছে ‘কন্যা’র। একটা বিকেল চারটায়, আরেকটা সন্ধ্যা সাড়ে ৭টায়। 

চলতি সপ্তাহে সেখানে চলছে ‘কন্যা’, ‘ডাইরেক্ট অ্যাটাক’ ও ‘উৎসব’ নামের তিনটি সিনেমা। লায়ন সিনেমাসের মালিক মির্জা আবদুল খালেক ইনডিপেনডেন্ট ডিজিটালকে। বলেন, ‘আমার সিনেমাসে ৪টি হল। সকাল থেকে সন্ধ্যা অবধি শো চলে। তবে গতকাল সারাদিনে একটিরও কোনো টিকিট বিক্রি হয়নি। কন্যা তো মুক্তির পর কোনো সেল হয়নি, ডাইরেক্ট অ্যাটাক বা উৎসবেরও কোনো সেল হয়নি গতকাল।’

তিনি আরও যোগ করে বলেন, ‘‘উৎসব সিনেমা নিয়ে কিছু বলার নেই। পাঁচ মাস পর কোনো সিনেমা নিয়ে প্রত্যাশা থাকার কথা নয়। এটাকে জাস্ট রাখা, সন্ধ্যার সময় কিছুটা হলেও যেন সমাগম হয়। কিন্তু কন্যা বা ‘সাত ভাই চম্পা’র মতো সিনেমা কেন বানান নির্মাতারা, আমার বোধগম্য নয়। আমার ধারণা উনারাও এর যৌক্তিক কোনো উত্তর দিতে পারবেন না। এ ধরনের সিনেমা আমাদেরকে আরও ধ্বংস করে দিয়েছে।’’

আক্ষেপ করে এ সিনে ব্যবসায়ী বলেন, ‘৫২ বছরের সিনেমা ব্যবসায় সবসময় বিশ্বাস করেছি, চলচ্চিত্র ছাড়া কোনো দেশ থাকতে পারে না। কিন্তু এই বয়সে এসে দেখলাম সিনেমা ছাড়াই দেশ থাকতে পারে। একটা সেক্টর যে বন্ধ হয়ে যাচ্ছে, তা রোধে সরকারসহ কারও কোনো পদক্ষেপ নেই। তাই আমি আগেই জানিয়েছিলাম লায়ন বন্ধ করে দেব। সে প্রক্রিয়া দ্রুতই শুরু করতে যাচ্ছি।’

লায়ন সিনেমাসের ম্যানেজার হায়দার আলী জানান, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমাই চলেনি। ‘ব্যাচেলর ইন ট্রিপ’, ‘বান্ধব’, ‘সাত ভাই চম্পা’—কোনোটা দর্শক টানতে পারেনি। এখন ‘কন্যা’র অবস্থা আরও খারাপ, একটি টিকিটও বিক্রি হয়নি।