ভেনিসের পর টরন্টোর পথে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে সিনেমাটি। সেই উচ্ছ্বাসের রেশ কাটতে না কাটতেই এবার আরও এক সুখবর! কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) নির্বাচিত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতার এ সিনেমা। 

আগামী ১০ থেকে ২০ সেপ্টেম্বর বসছে টরন্টো চলচ্চিত্র উৎসবের ৫১তম আসর। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় এই উৎসবে সিনেমাটির অন্তর্ভুক্তি বাংলা সিনেমার জন্য এক নতুন মাইলফলক।

দ্য ডিফিকাল্ট ব্রাইড একটি মনস্তাত্ত্বিক হরর চলচ্চিত্র। ঢাকার ঐতিহ্যবাহী বিউটি পার্লার ‘মেফেয়ার’কে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটির গল্পে দেখা যায়, জাইনীন নামের এক তরুণী বিয়ের প্রস্তুতির জন্য সেই পার্লারে আসে। প্রস্তুতি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সৌন্দর্য, শরীর, বিশ্বাস, স্মৃতি ও ভয়কে ঘিরে এক অস্বস্তিকর ও রহস্যময় জগতে সে ধীরে ধীরে জড়িয়ে পড়ে।

বিউটিপার্লারকে কেন্দ্র করে নির্মিত সিনেমা দ্য ডিফিকাল্ট ব্রাইড। ছবি: নির্মাতার সৌজন্যে

সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হয় ২০২৫ সালের ৮ জুন এবং শেষ হয় ৮ জুলাই। মোট ২৬ দিনে শুটিং সম্পন্ন হয়। পোস্ট-প্রোডাকশনের কাজ করা হয়েছে ফ্রান্সের প্যারিস ও পর্তুগালের লিসবনে। চূড়ান্ত শব্দ মিশ্রণের কাজ সম্পন্ন হয় প্যারিসে।
 
ফ্রান্সের ল্য ফিল্মস দেলাপে-মিদি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’র মূল প্রযোজক। সহ-প্রযোজনা করেছে পর্তুগালের মিদাশ ফিল্মেশ, বাংলাদেশের খনা টকিজ, নরওয়ের বারেন্টসফিল্ম এএস এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন। সিনেমাটির আন্তর্জাতিক বিক্রয়ের দায়িত্বে রয়েছে ফিল্মস বুটিক।

দ্য ডিফিকাল্ট ব্রাইড’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। সহ-অভিনয়ে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ কামাল। অতিথি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন ও দামীর খান। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

দ্য ডিফিকাল্ট ব্রাইড’র অন্য একটি দৃশ্য। ছবি: নির্মাতার সৌজন্যে

চলচ্চিত্রটি সহায়তা পেয়েছে কাউন্সিল অব ইউরোপের ইউরিমাজ, ফ্রান্সের সিএনসি বা সঁত্র নাসিওনাল দ্যু সিনেমা, পর্তুগালের ইনস্টিটুতো দ্যু সিনেমা আ দ্যু অডিওভিজ্যুয়াল, ইতালির ফোন্দাৎসিওনে প্রাদা ফিল্ম ফান্ড, নরওয়ের সোরফন্ড এবং জার্মানির ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে।

ফোন্দাৎসিওনে প্রাদা ফিল্ম ফান্ডের প্রথম আসরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া ১ হাজার ২০০টির বেশি প্রকল্পের মধ্য থেকে মাত্র ১৪টি চলচ্চিত্র সহায়তার জন্য নির্বাচিত হয়। নির্বাচিত প্রকল্পগুলোর মধ্যে স্বর্ণপামজয়ী থাই নির্মাতা আপিচাতপং বীরাসেথাকুলের নতুন চলচ্চিত্রও রয়েছে। দ্য ডিফিকাল্ট ব্রাইড নির্বাচিত সেই ১৪টি চলচ্চিত্রের মধ্যে পোস্ট-প্রোডাকশনে সহায়তা পাওয়া একমাত্র চলচ্চিত্র।

এ ছাড়া ইএভিই প্রডিউসার্স ওয়ার্কশপ, বার্লিনালে কো-প্রোডাকশন মার্কেট এবং লেজ আর্ক ফিল্ম ফেস্টিভ্যালের ওয়ার্ক ইন প্রোগ্রেস বিভাগে অংশ নিয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন ফ্রান্সের ফ্রঁসোয়া দার্তেমার, পর্তুগালের পেদ্রু বোরজেস, বাংলাদেশের রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ আহমেদ, নরওয়ের ইংরিড লিল হটগুন এবং জার্মানির আনা কাচকো। 

বাংলাদেশ ছাড়াও চলচ্চিত্রটির নির্মাণে ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপের শিল্পী ও কলাকুশলীরা কাজ করেছেন। কম্পোজার ছাড়া চলচ্চিত্রটির সব বিভাগের প্রধানই নারী। 

এদিকে, দ্য ডিফিকাল্ট ব্রাইড’র সংগীত পরিচালনা করেছেন দামীর খান এবং সিলেকটাউনের স্তেফান জাঙ্ক মিউজিক্যাল সুপারভাইজার হিসেবে কাজ করেছেন।