ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন আজ। ৪ বছর পূর্ণ হলো তার। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছিলেন মা পরী মণি। এ ছাড়া দিনটিকে তিনি নিজের ‘নতুন জন্ম’ হিসেবেও অভিহিত করলেন।
সামাজিকমাধ্যমে সোমবার (১০ আগস্ট) প্রথম প্রহরে, ছেলের জন্মদিনে আবেগঘন এক বার্তা দেন নায়িকা। তিনি জানান, জন্মদিনের রাতে ছেলেকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এক দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।
পরী মণি বলেন, ‘‘ছেলেকে ‘বাজান, হ্যাপি বার্থডে’ বললে উল্টো জবাবে সে বলে ওঠে, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু’।’’ ছেলের মুখ থেকে এমন কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
ছেলের মিষ্টি প্রতিক্রিয়া শেয়ার করে তিনি আরও বলেন, ‘তাই-ই তো! আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যই হয়েছে। আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’
পরী মণির এ কথায় প্রকাশ পায় যে, সন্তান পূণ্যের আগমনের পর থেকে নিজের মাতৃত্ব ও নতুন জীবনকে কতটা গভীরভাবে উপলব্ধি করছেন তিনি।
অন্যদিকে, ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিকমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন নায়িকা। যেখানে দেখা যায়, পুরো ঘরজুড়ে হাফ ডজন কেক ও রঙিন বেলুন দিয়ে সাজানো ঘরোয়া উৎসবের আবহ, আর ঠিক পাশেই ঘুমিয়ে রয়েছে ছোট্ট পূণ্য। ক্যাপশনে মজা করে পরী মণি লেখেন, ‘আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।’
প্রাক্তন তারকা দম্পতি পরী মণি ও রাজের একমাত্র ছেলে পূণ্যের জন্ম ২০২২ সালের ১০ আগস্ট। বর্তমানে মায়ের কাছেই বেড়ে উঠছে সে। প্রতিবছর জন্মদিনেই এমন ভালোবাসা আর উচ্ছ্বাসে ছেলের জন্মদিন উদযাপন করে আসছেন মা।