‘নসিব’র শুটিং করতে ঢাকায় বলিউডের মুকেশ ঋষি

বলিউডে দাপুটে খলচরিত্রের জন্য পরিচিত অভিনেতা মুকেশ ঋষি এবার অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমায়। প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় এবং মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে।

সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন এই বলিউড অভিনেতা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রযোজক আরশাদ আদনান।

‘প্রিয়তমা’খ্যাত সফল প্রযোজক আরশাদ আদনান জানান, নসিব সিনেমার শুটিংয়ের জন্যই মুকেশ ঋষির বাংলাদেশ আগমন। তিনি প্রায় এক সপ্তাহ অবস্থান করবেন। এই সময়ের মধ্যে সিনেমাটির বেশকিছু গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা।

মোহাম্মদ ইকবাল বলেন, ‘বর্তমানে আমরা নসিব সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য বগুড়ায় অবস্থান করছি। মুকেশ ঋষি শুটিংয়ে যোগ দিতে ইতিমধ্যেই বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আশা করছি, তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ হবে।’

এর আগে, কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং সফলভাবে সম্পন্ন হয়েছে।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে গম্ভীর কণ্ঠস্বর, সুঠাম শারীরিক গঠন আর নিখুঁত অভিনয়ের সুবাদে বড়পর্দায় খলনায়ক হিসেবে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন মুকেশ ঋষি। হিন্দি সিনেমার পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করছেন তিনি। 

বলিউডে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’। সালমান খানের সঙ্গে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’। আমির খানের সঙ্গে এ অভিনেতার প্রশংসিত ছবি ‘সারফারোশ’।

এছাড়া কালজয়ী ছবি ‘গুন্ডা’র ‘বুল্লা’ চরিত্রটি তাঁকে দর্শকদের মনে চিরস্মরণীয় করে রেখেছে। সব মিলিয়ে, নব্বই দশক থেকে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে সুনামের সঙ্গে কাজ করে যাওয়া এই তারকার যুক্ত হওয়া ‘নসিব’ সিনেমাটির প্রতি দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।