হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই একা রয়েছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তবে গুঞ্জন উঠেছে যে, ব্রিটিশ র্যাপার আকালার সঙ্গে প্রেমে মজেছেন তিনি। যদিও গত জানুয়ারিতে অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র এটাকে শুধুই বন্ধুত্ব বলে দাবি করেছিল।
এদিকে, সম্প্রতি ইনস্টাগ্রামে আকালার ছবি প্রকাশ্যে আনা এবং নিউ ইয়র্কে সপ্তাহখানেকের ব্যবধানে দুইবার তাঁদেরকে একসঙ্গে দেখা যাওয়ার বিষয়গুলো নতুন করে প্রেমের গুঞ্জন উসকে দিয়েছে।
নিউ ইয়র্ক শহরে নিজস্ব ফ্যাশন প্ল্যাটফর্ম ‘অ্যাটেলিয়ার জোলি’র একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন জোলি। সেখানেই উপস্থিত ছিলেন ৪০ বছর বয়সী আকালা।
সেই অনুষ্ঠানের বেশকিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৪৯ বছর বয়সী জোলি, যেখানে তাঁদের স্পষ্টভাবেই দেখা গেছে। অভিনেত্রীকে দেখা যায় গ্রে স্যুট ও ব্ল্যাক বুটে। অন্যদিকে, আকালা ছিলেন কালো ক্রু নেক টি-শার্টে।
এর মাত্র দুই দিন আগে নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে জোলির ‘মারিয়া’ ছবির প্রিমিয়ার হয়। সেখানেও আকালাকে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, দুজনকে ইদানীং প্রায়ই বিভিন্ন পাবলিক প্লেসে একত্রে দেখা গেছে।
জোলি-আকালার প্রেমের গুঞ্জন বেশ জোরালো হয়েছিল গত আগস্টের ভেনিস চলচ্চিত্র উৎসব চলাকালে। ইতালিতে দুজনকে একসঙ্গে একই হোটেল থেকে বের হতে দেখা গিয়েছিল, যা ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা।
অর্থাৎ, মাঝেমধ্যেই এই জুটিকে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে। ফলে এবার ভক্তরা তাঁদের প্রেম নিয়ে বেশ কৌতূহলী। যদিও দুই তারকার কেউই এ বিষয়ে মুখ খুলেননি।