প্রেম ভাঙল টম ক্রুজ-আনা ডে আরমাসের, বাতিল ‘স্পেস ওয়েডিং’র স্বপ্ন

মহাকাশে বিয়ে করবেন—এমন খবর নিয়েই গত সপ্তাহে সরগরম ছিল হলিউড। বলা হচ্ছিল, টম ক্রুজ ও আনা ডে আরমাস তাঁদের বিয়ে করবেন আক্ষরিক অর্থেই ‘স্পেসে;! কিন্তু স্বপ্নের সেই ‘স্পেস ওয়েডিং’ বাস্তব রূপ পাওয়ার আগেই সম্পর্কের কক্ষপথ থেকে ছিটকে পড়েছেন দুজনেই।

ব্রিটিশ দৈনিক দ্য সান জানাচ্ছে, নয় মাসের প্রেমের সম্পর্কের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দুই তারকা। এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ‘টম ও আনা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন, কিন্তু বুঝতে পেরেছেন সম্পর্কের উষ্ণতা ফিকে হয়ে গেছে। তাঁরা আর প্রেমে নেই, তবে বন্ধুত্ব বজায় রাখতে চান।’

সূত্রটির আরও যোগ, ‘আগের মতো উন্মাদনা আর নেই, তবে পরস্পরের সঙ্গ তাঁরা এখনো উপভোগ করেন।’

সম্প্রতি ‘ডিপার’ নামে একটি থ্রিলার ছবিতে তাঁদের একসঙ্গে কাজ করার কথা ছিল। ব্যক্তিগত সম্পর্কে পরিবর্তনের কারণে ছবিটি স্থগিত হয়েছে—এমন গুজব ছড়ালেও সেটি উড়িয়ে দিয়েছে ঘনিষ্ঠ মহল। তাদের দাবি, ‘আনাকে ইতিমধ্যেই তাঁর পরের ছবিতে কাস্ট করা হয়েছে। তাই কাজ বন্ধ হচ্ছে না।’

ভারমন্টে হাতে হাত ধরে হাঁটা থেকেই টম-আনার সম্পর্ক প্রকাশ্যে আসে। এরপর মাদ্রিদ ও লন্ডনে একাধিকবার রোমান্টিক ছুটিতে দেখা গেছে তাঁদের। টমের চালানো হেলিকপ্টার রাইড, ডেভিড বেকহামের ৫০তম জন্মদিনের পার্টি, এমনকি ওয়েম্বলি স্টেডিয়ামে একসঙ্গে ওয়েসিস কনসার্ট—সব জায়গাতেই ছিল এই জুটির উপস্থিতি।

‘ব্যালেরিনা’-খ্যাত আনা ডে আরমাস এর আগে ছিলেন বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কে (২০২০–২০২১)। এরপর অভিনেতা পল বুকেডাকিসের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতার খবর শোনা গিয়েছিল। অন্যদিকে, টম ক্রুজের শেষ বিয়ে ছিল ২০১২ সালে, কেটি হোমসের সঙ্গে। তারপর থেকে একাধিক প্রেমের গুঞ্জন উঠলেও কোনো সম্পর্কেই স্থায়ী হতে পারেননি ‘মিশন: ইমপসিবল’-তারকা।