বন্দরের খালাসি থেকে রাজত্ব কায়েম, নতুন সিরিজে মোশাররফ করিম

স্বপ্ন ও উচ্চাকাঙক্ষার এক জটিল ও কৌতূহলী গল্প ‘খালাস’। যেখানে ক্ষমতার জন্য অতৃপ্ত ক্ষুধা অনুমেয়। রহস্যময় এক লোক শাহজালাল। পেশায় খালাসির কাজ করলেও জীবনযাপনে বেশ সৌখিন। কী এক অদৃশ্য শক্তি বলে কারণে-অকারণে বন্দর এলাকার ক্ষমাতাধরদের কাছ থেকে তাঁর ডাক পড়ে। উপকূলে যেকোনো দৈব দুর্বিপাক কিংবা খুন খারাবির খবর আগাম পেয়ে যান। কীভাবে এইসব ঘটনা তিনি আঁচ করতে পারেন তা এক রহস্য বটে। বন্দর এলাকায় ক্ষমতা আর টাকার রাজনীতি ঘিরে যে রক্তক্ষয়ী খেলা চলছে, সেখানে এখন খালাসি শাহজালালের নাম প্রধান হয়ে উঠতে থাকে। জলে, স্থলে, ইলিশে, মানুষে তিন নদীর মোহনায় রাম রাজত্ব কায়েম করার লড়াইয়ের গল্প ‘খালাস’।

ওয়েব সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন কে এম নাইম ও মাহি ইসলাম মিতুল। মাঝপদ্মায় শুটিং করতে গিয়ে কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে হয় পুরো টিমকে। যেহেতু গল্পে ইলিশ ধরার ব্যাপার রয়েছে, তাই আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে মাঝপদ্মায় ভয়ঙ্কর ঢেউয়ের পরিস্থিতির মধ্যে জাহাজ ও স্পিডবোটে শুটিং করা হয়—এমনটাই জানিয়েছেন তাঁরা।  

সিরিজটির একটি দৃশ্যে মোশাররফ, জর্জ ও আমায়া নূর। ছবি: নির্মাতার সৌজন্যে

পরিচালকদ্বয় আরও জানান, বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘খালাস’। বিভিন্ন লোকেশনে রিয়াল সেট অ্যারেঞ্জ করে দাউদকান্দি, গজারিয়া, চাঁদপুর, মোংলা ও চট্টগ্রামে এর শুটিং হয়েছে। পরিচালকদের ভাষ্য, ‘সিরিজটি একটি মুক্ত জাতির পটভূমিতে বাংলাদেশে আন্ডারওয়ার্ল্ড গড়ে ওঠার বর্ণনা দেয়। দর্শকরা একটি গ্রিপিং গ্যাংস্টার থ্রিলার প্রত্যক্ষ করবেন, ভালো বনাম মন্দের সর্বজনীন যুদ্ধের অন্বেষণ করবেন।’

সিরিজে শাহজালাল চরিত্রে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। গ্যাংস্টারের লোভ ও ক্ষমতাকে বাস্তবে রাখার অভিপ্রায়ে চরিত্রটি একজন আহত স্বামীর আত্মাকে নিয়ে আসে। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন লুৎফর রহমান জর্জ, আহমেদ রুবেল, আমায়া নূর, উজ্জল কবির হিমু প্রমুখ। এ সিরিজের চিত্রনাট্য ও গল্প লিখেছেন নির্মাতা মাহমুদ দিদার।

সিরিজটির দশ্যে আহমেদ রুবেল। ছবি: নির্মাতার সৌজন্যে

ওটিটিতে কবে মুক্তি পাবে? জানতে চাইলে নির্মাতাযুগল জানান, পোস্ট প্রডাকশনের কাজ প্রায় শেষের দিকে। এই মুহূর্তে সাউন্ড ডিজাইনের কাজ চলছে। সিরিজটি বাংলার পাশাপাশি হিন্দি, তেলুগু ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে আসবে পোস্টার লুক, তখনই স্ট্রিমিং প্ল্যাটফর্মের নাম প্রকাশ করা হবে।

জানা গেছে, প্রথম সিজনে থাকছে ৯টি পর্ব। প্রতিটি পর্বের ব্যাপ্তি ৪৫ মিনিট। সিরিজটি প্রযোজনা করেছে রেড কার্পেট।