বলা হচ্ছিল ‘গোলাম মামুন’ নিয়ে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই–এ সম্প্রতি এই সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছে। ঈদ উপলক্ষেই নির্মাণ, তবে ঈদের বেশ কিছুদিন আগেই দর্শকদের সামনে হাজির হয়েছে গোলাম মামুন। এর আগে একই প্ল্যাটফর্মে ‘বুকের মধ্যে আগুন’ নামের একটি সিরিজ মুক্তি পেয়েছিল। তারই প্রধান চরিত্র ছিল পুলিশ কর্মকর্তা গোলাম মামুন। সেই চরিত্রটিকে ঘিরেই এবার নতুন করে সিরিজ বানিয়েছেন শিহাব শাহীন। এবারের গল্প ‘বুকের মধ্যে আগুন’–এর পরের সময়কালের।
হইচই বলছে, ‘গোলাম মামুন’ একটি থ্রিলার সিরিজ। গল্প সম্পর্কে বলা হয়েছে, ‘জোড়া খুনের তদন্তে প্রধান অভিযুক্ত মামুন মুখোমুখি হয় এক সিরিয়াল কিলারের। বিভীষিকাময় অতীতের বিমুখে আইনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কি মামুন পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে?’
একটি কথা বলতেই হয় যে, প্রধান চরিত্র এক হলেও ‘বুকের মধ্যে আগুন’ ও ‘গোলাম মামুন’–এর নির্মাণশৈলীতে আকাশ–পাতাল তফাৎ। এর কৃতিত্ব পরিচালক শিহাব শাহীনকে দিতেই হয়। গোলাম মামুনের চরিত্রটিকে নতুন করে নির্মাণ করেছেন তিনি এবং এর নতুন রূপ উপভোগ্য হয়েছে। পুরো সিরিজের সবচেয়ে বড় সফলতা এর গল্পটি। লিখেছেন অয়ন চক্রবর্তী। গল্পের বুনোট টান টান। ফলে কখনোই বিরক্তিবোধ হয়নি। বরং কোনো দৃশ্যে গল্পের বয়ে চলায় একটু খাপছাড়া বোধ হলেও, পরের দৃশ্যের তুমুল চমক সেটিকে উড়িয়ে দিয়েছে। সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো ছিল, ক্যামেরার কাজও বেশ। সব মিলিয়ে ওটিটির সিরিজ হিসেবে বেশ ভালো প্যাকেজ ‘গোলাম মামুন’।
এই সিরিজে নামভূমিকায় অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। এক কথায়, অভিনয়ে নিজের তৈরি করা এতদিনের চিরচেনা ইমেজ থেকে পুরোপুরি বের হয়ে এসেছেন অপূর্ব। তাঁর এই রূপান্তর দারুণ। পুরো সিরিজজুড়েই তাঁর অভিনয়ের দক্ষতা পরিলক্ষিত হয়েছে।
পুরো সিরিজটিকে দুই ভাগে ভাগ করাই যায়। একটি হলো, ১ থেকে ৫ পর্ব পর্যন্ত। আর অন্যটি হলো, ৬ থেকে ৮ পর্ব পর্যন্ত। শেষের ভাগেই মূলত গল্প আরও বৈচিত্র্যময় হয়ে ওঠে, ধাক্কাও দেয় ভালোমতো। আগের ভাগে তাও চোখ সরিয়ে কিছু সময়ের জন্য এদিক–সেদিক করতে পারবেন, তবে ৬–৮ পর্ব দেখার সময় চোখ ফেরানো সম্ভবই নয়। এই সময় উঠে আসে ‘হুকুমত’ প্রসঙ্গ। আর বড় হয়ে ওঠে এই প্রশ্নটি—‘কারা চালায় হুকুমত?’
অষ্টম পর্বের শেষ দৃশ্যেই দ্বিতীয় সিজন নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে ‘গোলাম মামুন’। এতটুকু বলাই যায় যে, ভালো থ্রিলার সিরিজ হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে ‘গোলাম মামুন’। দেখলে সময় নষ্ট তো হবেই না, বরং অবসর সময়টা কাটবে জমজমাটই। এবারের ঈদের সেরা সিরিজ ‘গোলাম মামুন’ কিনা, সেই প্রশ্নের উত্তরে ইতিবাচক হতে তাই দোষ নেই।
রেটিং: ৪.৩/ ৫.০০
পরিচালক: শিহাব শাহীন
গল্প: অয়ন চক্রবর্তী
চিত্রনাট্য: মেজবাহ উদ্দীন সুমন ও শিহাব শাহীন
অভিনয়শিল্পী: জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ, নাজমুস সাকিব, ফখরুল বাশার মাসুম, শার্লিন ফারজানা, রাশেদ মামুন প্রমুখ
ভাষা: বাংলা
ধরন: ক্রাইম থ্রিলার
মুক্তি: ১৩ জুন ২০২৪/ হইচই
লেখক: সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক