একটা সুন্দর সিনেমা দেখবেন?

মানুষের জীবনে আসলে কী থাকে? কিছু সুখ, কিছু দুঃখ, কিছু পাওয়া, কিছু না পাওয়া, কিছু আশা–হতাশা—সব মিলিয়ে কেবলই যোগ আর বিয়োগের খেলা। এই কিছু যোগ হলো, তো পরক্ষণেই হারিয়ে ফেলা হয় অনেকটা। অথচ ফ্ল্যাশব্যাকে জীবনটাকে দেখলে মনে হবে, আমাদের দুঃখের কারণ আসলে আমরা নিজেরাই!

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১০:১৭ পিএম

সাইয়ামি খের। ছবি: জি ফাইভসিনেমা নানা ধরনের হয়। কোনোটা হয় অ্যাকশনে ভরপুর, মার মার কাট কাট। আবার কোনো রোমান্সে ভরপুর। এর বাইরে থ্রিলার, গোয়েন্দা কাহিনি বা রহস্যে মোড়া—নানা কিসিমের সিনেমা এখন মেলে। ওটিটি প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে যাওয়ায় এখন সিনেমার সংখ্যাও অনেক।

কিন্তু এত কিছুর ভিড়েও হাতেগোনা কয়েকটি সিনেমা পাওয়া যায়, যেগুলোতে ওপরের বিষয়গুলোর সবই থাকে অনুপস্থিত। বরং সিনেমাটি দেখে শেষ করার পর এক অদ্ভুত ভালোলাগায় মন ভরে থাকে!

গুলশান। ছবি: জি ফাইভএবার তেমনই একটি সিনেমার নাম বলা যাক। সেটি হলো, ‘এইট এ.এম. মেট্রো’। পরিচালক রাজ রাচাকোনডার এই ছবিটি খুবই অল্প বাজেটের। সংবাদমাধ্যম সূত্র জানা গেছে, মোটে ৪ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছে এই সিনেমা। গত বছরের মে মাসে সিনেমাটি হলে মুক্তি পেয়েছিল। এর খবর এতটাই কম শোনা গেছে যে, তখন এ নিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি। হলে মুক্তি পাওয়ার প্রায় এক বছর পর চলতি বছরের মে মাসের ১০ তারিখে এটি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পায়। এরপর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণে আলোচনা শুরু হয় ‘এইট এ.এম. মেট্রো’ নিয়ে। নেটিজেনদের কাছ থেকে বেশির ভাগই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি।

সিনেমাটির গল্পের শুরুটা খুবই সাধারণ। এক আটপৌরে বিবাহিত গৃহিণীর রোজকার জীবন দিয়ে শুরু হয় সিনেমা। ইরাবতী নামের ওই চরিত্রটিকে ঘটনাক্রমে যেতে হয় বাড়ি থেকে দূরের শহরে, বোনের কাছে। বোনটি হাসপাতালে ভর্তি, অনাগত সন্তান আসি আসি করছে। এমন পরিস্থিতিতেই ইরাবতীকে মেট্রোরেলে নিয়মিত চড়ার মতো অবস্থায় পড়তে হয়, যোগাযোগের সুবিধার্থেই। তবে ট্রেনযাত্রা নিয়ে বেশ ট্রমা আছে ইরাবতীর। মেট্রোরেলের স্টেশনেও তার মুখোমুখি হতে হয় তাঁকে, ঘিরে ধরে প্যানিক অ্যাটাক। ঠিক যে সময়টায় ইরাবতীর সব কিছু ভেঙে পড়ার মতো অবস্থা, অন্যদিকে মেট্রোও ছেড়ে দেবে দেবে করছে, ঠিক সেই সময়টায় ইরাবতীর দিকে এগিয়ে এল একজনের সাহায্যের হাত। প্রীতম নামের অপরিচিত ওই ব্যক্তিটির কথাতেই শেষ পর্যন্ত সাহস করে মেট্রোরেলে চেপে বসে ইরাবতী। আর এভাবেই শুরু এক নতুন সম্পর্কের পথচলা। এই সম্পর্কের কার্যকারণ কেবলই যেন মেট্রোরেল!

মেট্রোতে মূল দুই চরিত্র। ছবি: জি ফাইভমানুষ আসলে বেশ অদ্ভুত প্রাণী। কখন কার সঙ্গে যে বন্ধুত্ব পাতিয়ে ফেলে, তা বলা মুশকিল। কখনও কখনও এমন কারও সঙ্গেও বন্ধুত্ব হয়ে যায়, যার সঙ্গ হয়তো দূরতম কল্পনাতেও থাকে না। মানুষের যে সমাজ, যা স্থান–কালভেদে ভিন্ন ভিন্ন হয়, সেটি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে নানা নামে অভিহিত করতে চায়। যে কোনো সম্পর্ককে একটা সংজ্ঞায় গণ্ডিবদ্ধ করতে চায়। কিন্তু চাইলেই কি সব সম্পর্কের গণ্ডিবদ্ধ সংজ্ঞা দেওয়া যায়? যায় না। তেমনই একটি সম্পর্ক গড়ে ওঠার গল্প এই ‘এইট এ.এম. মেট্রো’।

এ সিনেমার প্রধান দুটি চরিত্র হলো ইরাবতী ও প্রীতম। দুটি চরিত্রে যথাক্রমে অভিনয় করেছেন সাইয়ামি খের ও গুলশান দেবাইয়াহ। সাইয়ামি খুবই ভালো অভিনয় করেছেন। অত্যন্ত সাধারণ একটি চরিত্রকে অসাধারণ দক্ষতায় পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি। আর গুলশান ছিলেন এক কথায়, দুর্দান্ত। এর আগেও বিভিন্ন সিরিজ ও সিনেমায় তিনি নিজের সক্ষমতার জানান দিয়েছিলেন। তবে ‘এইট এ.এম. মেট্রো’তে আগে দেখানো দক্ষতার সীমানা তিনি অতিক্রম করে গেছেন। একজন নিভৃতচারী অথচ মানুষের সঙ্গের জন্য কাঙাল একটি চরিত্রকে তিনি একেবারে নিখুঁতভাবে তুলে ধরেছেন। এই প্রীতম হাসতে চায়, কিন্তু কান্না ছাড়া যে তাঁর আর কিছুই অবশিষ্ট নেই।

মানুষের জীবনে আসলে কী থাকে? কিছু সুখ, কিছু দুঃখ, কিছু পাওয়া, কিছু না পাওয়া, কিছু আশা–হতাশা—সব মিলিয়ে কেবলই যোগ আর বিয়োগের খেলা। এই কিছু যোগ হলো, তো পরক্ষণেই হারিয়ে ফেলা হয় অনেকটা। অথচ ফ্ল্যাশব্যাকে জীবনটাকে দেখলে মনে হবে, আমাদের দুঃখের কারণ আসলে আমরা নিজেরাই! কারণ জীবনের উপাদানগুলোকে যে থাকা অবস্থায় আমরা গুরুত্ব দিতে চাই না। হারানোর পরই কেবল বুঝতে পারি, কী গেল! এমন অবস্থায় কেউ যদি নিজের জীবনটাকে কল্পনাতেও অন্যভাবে সাজাতে চায়, আগের ভুলগুলো শুধরে নিতে চায়, তবে কি তাকে দোষ দেওয়া যাবে? পাগল বলা যাবে? আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন তো, এমনটা কে না চায়!

ছবিটির পোস্টারএমনই এক জীবন দর্শনের গল্প ‘এইট এ.এম. মেট্রো’। যে সিনেমার শুরু দেখে শেষ আন্দাজ করা যায় না কিছুতেই। শেষের কিছু অংশে দর্শক হিসেবে এমনভাবে চমকে যেতে হয় যে, সিনেমার ধীর গতিকে আর দোষ দেওয়ার উপায় থাকে না। মনে হয়, ওই চমকে মানিয়ে নিতে আগের ধীর লয় যে বড্ড দরকারি।

সিনেমায় গুলজারের লেখা বেশ কিছু কবিতার পাঠ আছে। সেসব কবিতা দেয় বাড়তি এক আনন্দ। এই সিনেমা দেখে একজন দর্শক যেমন মুচকি হাসবেন, তেমনি চোখের কোণে জলও জমা হবে। আর শেষ করার পর মনে মিলবে এক দারুণ সন্তুষ্টি। এমন মনোমুগ্ধকর গল্পের দুরন্ত চিত্রায়ন সিনেমার পর্দায় যে খুব কমই মেলে!

রেটিং: ৪.৬/ ৫.০০      
   

পরিচালক: রাজ রাচাকোনডা
গল্প ও চিত্রনাট্য: শ্রুতি ভাটনগর,আসাদ হোসেন, রাজ রাচাকোনডা ও মৈত্রী শেখর
অভিনয়শিল্পী: সাইয়ামি খের, গুলশান দেবাইয়াহ, সন্দীপ ভরদ্বাজ প্রমুখ
ভাষা: হিন্দি
ধরন: ফ্যামিলি ড্রামা
মুক্তি: ১০ মে ২০২৪, জি ফাইভ 

লেখক: সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর