‘এহন তো আর জান ছাড়া কিছু হারানোর নাই’—এই এক সংলাপেই বলা হয়ে যায় অনেক কিছু। জানা হয়ে যায়, এক জোড়া ভীত–সন্ত্রস্ত মানুষ দৌড়ে পালাচ্ছে। সেই দৌড় জীবন বাঁচানোর দৌড়। অনুচ্চারে শোনা যায় ফাঁদে আটকে পড়া মানুষের একটু বুক ভরে শ্বাস নেওয়ার আকুতি। কিন্তু আদৌ কি তা মেলে?
বলা হচ্ছে ‘রঙিলা কিতাব’–এর কথা। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই মুক্তি দিয়েছে এটি। কিঙ্কর আহ্সানের লেখা উপন্যাস ‘রঙিলা কিতাব’–এর পর্দার রূপ এই সিরিজ। পরিচালনা করেছেন অনম বিশ্বাস। প্রথম সিজনে আছে মোট ৮টি পর্ব। এর কাহিনি সম্পর্কে হইচই বলেছে, ‘বরিশালের শান্ত শহরে প্রদীপ তার অন্তঃসত্ত্বা স্ত্রী শুপ্তির কাছে তার অপরাধের জীবন ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করে। কিন্তু হঠাৎ আঁধার ঘনায় যখন এমপি’র হত্যাকাণ্ডে প্রদীপ জড়িয়ে পড়ে। জীবন-যুদ্ধের পরিহাসে শত্রুর মোকাবিলা করে সে কি পাবে তার স্ত্রী ও আসন্ন সন্তানকে নিয়ে এক নতুন জীবনের সন্ধান?’
‘রঙিলা কিতাব’–এর গল্পে গতিও আছে বেশ। তবে স্বাভাবিকভাবেই একটি উপন্যাসকে ৮ পর্বের থ্রিলার চিত্রনাট্যে রূপ দিতে গেলে বিয়োজন করতে হয় অনেককিছু। সংযোজনও কিছু হয় প্রয়োজনমাফিক। সেদিক থেকে এই সিরিজের গল্প বলার ঢং একরৈখিক খানিকটা। একের পর এক ঘটনা এবং তার প্রতিক্রিয়ায় আরও টুকরো টুকরো ঘটনা ঘটতে থাকে। গল্পও এগোতে থাকে রোলার কোস্টারের তালে। যদিও সেই গল্প পুরোপুরি নতুন কিছু নয়। বরং এমন গল্প নানা রূপে আগেও দর্শকদের সামনে এসেছে।
অন্যদিকে প্রদীপ চরিত্রে মোস্তাফিজুর নূর ইমরান যথার্থ ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত। নিজের শরীরী ভাষাতেও প্রদীপকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন ইমরান। অন্যান্য চরিত্রে দুর্দান্ত ছিলেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, মনোজ প্রামাণিক ও ইরেশ যাকের।
বিশেষ করে ফজলুর রহমান বাবু ও ইরেশ যাকের তাঁদের নিজ নিজ চরিত্রে অন্য কাউকে কল্পনা করার সুযোগই রাখেননি। তবে তানভিন সুইটি ও শিমুল শর্মার কাছ থেকে প্রত্যাশা ছিল আরও বেশি।
রঙিলা কিতাব–এর শেষটা খুবই চিত্তাকর্ষক। শেষ দৃশ্যটি এক নতুন শুরুর ইঙ্গিত দেয়। সংকেত দেয় নতুন সিজনের। গল্পের যে মোড়ে এসে প্রথম সিজনের যবনিকা পতন হয়েছে, সেখান থেকে বলতেই হয় যে—দ্বিতীয় সিজন হলে খারাপ হবে না!
রেটিং: ৩.৯০/৫.০০
পরিচালক: অনম বিশ্বাস
উপন্যাস: কিঙ্কর আহসান
চিত্রনাট্য: অনম বিশ্বাস ও আশরাফুল আলম শাওন
অভিনয়শিল্পী: পরী মণি, মোস্তাফিজ নূর ইমরান, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, তানভীন সুইটি প্রমুখ
ভাষা: বাংলা
ধরন: থ্রিলার, রোমান্স
মুক্তি: ৮ নভেম্বর ২০২৪/হইচই