দ্বিতীয় সিজন নিয়ে আসছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। প্রথম সিজনের মতো এবারও অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ।
তারা জানায়, শিগগিরই ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর সিজন-২ আসছে। আগামী ডিসেম্বরেই শুরু হবে শুটিং।
নতুন সিজনে থাকছে আরও বেশি হাসি, মজা আর জমজমাট পারিবারিক আনন্দ। প্রতিযোগীরা বাংলাদেশের এই প্রিয় গেম শো-তে জিততে এবং সেরা হতে লড়বে।
তাহসান খান বলেন, ‘‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ আমার কাছে একটি বিশেষ অনুষ্ঠান, কারণ এটি পরিবারগুলোকে আবারও বসার ঘরে একই সোফায় ফিরিয়ে এনেছে এবং তাদের মধ্যে মিষ্টি সব তর্ক-বিতর্ক আর হাসির একটি বিশেষ মুহূর্ত তৈরি করেছে।’’
যোগ করে বলেন, ‘সিজন-২ আরও বড় পরিসরে হতে যাচ্ছে। সারা দেশ থেকে আরও নতুন নতুন পরিবারকে এই শো-তে স্বাগত জানাতে, তাদের সঙ্গে হাসতে এবং একসঙ্গে নতুন সব স্মৃতি তৈরি করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
এদিন, সিজন-২-এর আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি রেজিস্ট্রেশনও শুরু হয়। সারা দেশের উৎসাহী পরিবারগুলোকে এতে আবেদন করার জন্য আমন্ত্রণ জানায় বঙ্গ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউ এবং ২.৫ কোটিরও বেশি ইউনিক দর্শকের সম্পৃক্ততা অর্জন করেছে সিজন-১। এর সবগুলো পর্ব এখনও বঙ্গতে বিনামূল্যে দেখা যাচ্ছে।
প্রথম সিজনে তাহসানের উপস্থাপনায় শো-টি পরিচালনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সারা দেশ থেকে এতে ৪৮টি পরিবার অংশ নিয়েছিল।