তারার সোশ্যাল ক্যালেন্ডার

শুটিংয়ে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি: হিমি

ঈদ কি শুধু চ্যানেল, সিনেমাহলে? এখন সোশ্যাল মিডিয়াতেও ঈদের বড় একটা সময় কাটান তারকারা। নিজের সামাজিক এ প্ল্যাটফর্ম সাজান নিজের আঙিনার মতোই। থাকে ছবি, রিলস, ভিডিও, স্টোরিসহ নানা আয়োজন। কেমন থাকবে তারকাদের এই সোশ্যাল ক্যালেন্ডার—তার খোঁজ নেওয়া হয়েছিল।

ছোট পর্দার জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। বরাবরের মতো এবারও তাঁকে ঈদুল ফিতরের বেশ কিছু নাটকে দেখা যাবে। পাশাপাশি বর্তমান ডিজিটাল বিশ্বে সামাজিক মাধ্যমেও বেশ সরব তিনি। ছোট ভিডিওসহ নানা কিছু নিয়মিতই শেয়ার করে অনুরাগীদের চমকে দেন এই অভিনেত্রী, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে।

এদিকে, হিমি জানান, সাম্প্রতিক সময়ে শুটিংয়ের সেটে ভিডিও কনটেন্ট বানানো হয় না। কারণ এতে গল্পের অনেক কিছু ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সতর্কতা হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।   

হিমি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

হিমি বলেন, ‘একসময় শুটিংয়ে ভিডিও বানিয়েছি, কিন্তু এখন আর এটা করা হয় না। কারণ, বিহাইন্ড দ্য সিন দেখাতে গিয়ে একটা নাটকের অনেক কিছুই ফাঁস হয়ে যায়। দেখবেন, মাঝে এ বিষয়ে ফেসবুকে নিলয় ভাই (নিলয় আলমগীর) একটা স্ট্যাটাস দিয়েছিলেন। এরপর থেকে শুটিং চলার সময় আমরা আর বিহাইন্ড দ্য সিন শুট করি না।’ 

ঈদুল ফিতরের দিনগুলোতে কেমন থাকছে তার সোশ্যাল ক্যালেন্ডার, কোন দিন কোন ধরনের পোস্ট দেবেন—তা জানতে চাওয়া হয়েছিল।অভিনেত্রী বলেন, ‘হঠাৎ করেই রিলস বানানো হয়, পরিকল্পনা মাফিক কিছু নয়। ঈদেও একই রকম।’