অভিনয়ের প্রলোভন দেখিয়ে অভিনেত্রী তাছলিমা খাতুন আয়েশাকে রিসোর্টে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে নাট্যনির্মাতা নাসিরউদ্দিন আহমেদ মাসুদ ও তার সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনাটির ঘটেছে গাজীপুরের শ্রীপুরে। ভুক্তভোগী তাছলিমা খাতুন আয়েশা শ্রীপুর থানায় মামলা করেছেন।
তিনি বলেন, ‘প্রায় চার-পাঁচ মাস আগে পূবাইলে শুটিং চলাকালে পরিচালক নাসিরউদ্দিন মাসুদ আমার মোবাইল নম্বর নেন। এরপর থেকে তিনি নিয়মিত কল দিতেন এবং দু-একটি নাটকের শুটিংও একসাথে করেছি। হঠাৎ এক রাত শুটিংয়ের কথা বলে তিনি বাসা থেকে আমাকে নিয়ে যান। গভীর রাতে গাজীপুরের রাস্ রিসোর্টে নিয়ে গিয়ে মাদক সেবনের পর পরিচালক মাসুদ ও তার সহকারী বাবর আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এরপর বয়স্ক এক ব্যক্তি, যাকে রিসোর্ট মালিক পক্ষের লোক হিসেবে পরিচয় দেওয়া হয়, তৃতীয়বার ধর্ষণ করে। তারা তিনজন মিলে আমাকে গণধর্ষণ করেন। পরে বাবর আমার ব্যবহৃত আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেয় এবং আমাকে রিসোর্ট থেকে বের করে দেয়।’
বাদী জানান, ২২ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে রিসোর্ট থেকে বের করা হয়। অসুস্থ অবস্থায় চিকিৎসা নেওয়ার পর অভিযোগ দায়ের করেন।
রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ওয়েবসাইটে দেওয়া দুটি নম্বরে ফোন রিসিভ করেন রায়হান ও সাইফ। তারা নিজেদেরকে ‘থার্ড পার্টি’ দাবি করে বলেন, ‘আমরা শুধু বুকিং দেই। এই ধরনের ঘটনার বিষয়ে কিছু জানি না।’
অন্যদিকে ১ নম্বর আসামি পরিচালক নাসির উদ্দিন মাসুদের নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।