জামিন পেলেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। কারাগার থেকে মুক্তি পাওয়ার বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন তিনি নিজেই।
গত ১৮ মার্চ জামিনে মুক্তি পান এই অভিনেতা। তিনি বলেন, ‘আমার নামে দুটি মামলা রয়েছে। তবে কারাগার থেকে মুক্ত হওয়ার পর ভিন্ন এক অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি প্রায় ১০ মাস কারাগারে ছিলাম। জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি।’
সিদ্দিক আরও বলেন, ‘মুক্তির পর গত কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। নিজেকে একটু গুছিয়ে নিয়েছি। এতদিন এক ধরনের পরিবেশে ছিলাম, এখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এসেছি। নিজের মতো করে সময় কাটানোর জন্যই এতদিন বিষয়টি প্রকাশ করিনি।’
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে রাজধানীর গুলশানের একটি হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সিদ্দিকুর রহমান। গত বছরের ২৯ এপ্রিল মারধরের পর তাঁকে পুলিশে সোপর্দ করেছিল উত্তেজিত জনতা।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচারকর্মী পারভেজ বেপারী। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের বাবা মো. সবুজ গত বছরের ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, অভিনয়ের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন সিদ্দিকুর রহমান। একসময় তিনি সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। টাঙ্গাইল ও ঢাকা থেকে একাধিকবার নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু পাননি।