১৯৮২ সালে থেকে নিয়মিতভাবে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল ‘আরণ্যক’। এ বছরও মে দিবস উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দলটি। এ ছাড়া দিবসটি উপলক্ষে ‘বন্যথেরিয়াম’ নাটকের দুটি প্রদর্শনী করবে নাট্যদল ‘বটতলা’।
আজ সকালে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল আরণ্যকের আয়োজনের প্রথম পর্ব। এ সাংস্কৃতিক পর্বে ছিল গান, আবৃত্তি, বাউলসংগীত ও পথনাটকের পরিবেশনা। আয়োজনের দ্বিতীয় পর্ব শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। মে দিবসের গান দিয়ে শুরু হওয়ার পর সন্ধ্যা ৭টায় দর্শনীর বিনিময়ে মঞ্চস্থ হবে আরণ্যকের নাটক ‘রাঢ়াঙ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।
এ আয়োজন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও প্রকাশিত হবে ‘মে দিবসের কাগজ’ শীর্ষক একটি বিশেষ পত্রিকা। স্বাধীনোত্তর নাট্যচর্চায় অগ্রণী ভূমিকা রেখে আসছে আরণ্যক। দীর্ঘ যাত্রায় দলটি শুধু নগরকেন্দ্রিক নাট্যচর্চার মধ্যেই নয়, সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে যেমন ছুটে গিয়েছে নাটক নিয়ে, তেমনি দেশের প্রতিনিধিত্ব করে বিদেশেও নাটক মঞ্চায়ন করেছে।

এদিকে, মে দিবস উপলক্ষে আজ বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতিতে বটতলা আয়োজন করেছে শিশুতোষ নাটক বন্যথেরিয়াম’র দুটি প্রদর্শনী। নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিকেল ৪টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেখা যাবে নাটকটি। সুকুমার রায়ের ‘হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ইভান রিয়াজ।
বন্যথেরিয়াম’র গল্পে দেখা যাবে, প্রাণিবিজ্ঞান সংস্থা ওয়াইল্ড ভিশন এক অদ্ভুত প্রজাতির ট্যাঁশ গরুর সন্ধান পায়। সেটাকে ধরে নিয়ে আসে কোম্পানির প্রেসিডেন্ট হারুর নির্দেশে। এমন অদ্ভুত আর বিরল বন্যপ্রাণীর সন্ধান ওয়াইল্ড ভিশনকে এনে দেয় খ্যাতি। খবর পেয়ে ছুটে আসে বন্য প্রাণী ব্যবসায়ী মিস হুক্কি, তিনি আরও ট্যাঁশ গরুর সন্ধান চায়।
এরইমধ্যে আরও অদ্ভুত বন্য প্রাণী আর প্রকৃতির সন্ধান নিয়ে আসে বিখ্যাত গবেষক প্রফেসর হেঁসোরাম হুঁশিয়ারের ভাগনে চন্দ্রখাই। তার কাছে প্রফেসর হেঁসোরাম হুঁশিয়ারের অদ্ভুত অভিযানের কাহিনি শুনে হারু আর মিস হুক্কি রোমাঞ্চিত হতে থাকে। নতুন ব্যবসার ক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে ভেবে উৎফুল্ল হয়। তারা অক্সিজেন, খাদ্যচক্র আর পরবর্তী প্রজন্মের কথা ভুলে সবুজ প্রকৃতিকে ধূসর করে মুনাফা লাভের স্বপ্ন দেখে। চন্দ্রখাইও গল্পের ছলে পৌঁছাতে থাকে তার চূড়ান্ত উদ্দেশ্যে।


২০ বছর পর ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র সিক্যুয়েল, দেখা যাবে সিনেপ্লেক্সেও
