প্রাণিপ্রেমী তারেক রহমান

রাজনীতির উত্তাপ বা কূটনৈতিক ব্যস্ততার ভিড়েও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আলোচনায় উঠে এসেছে ভিন্ন এক মানবিক দিক। দেশের বাইরে দীর্ঘ সময় কাটানোর পর দেশে ফেরার খবরে যখন রাজনৈতিক অঙ্গন সরগরম, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা করে নজর কেড়েছে তাঁর প্রাণিপ্রেম।

পরিবারের পোষা বিড়াল ‘জেবু’কে সঙ্গে নিয়েই দেশে ফেরা। এই ছোট্ট ঘটনাই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যেখানে রাজনীতির বাইরে একজন মানুষের অনুভূতি ও দায়িত্ববোধের গল্প উঠে এসেছে।

ছবি: বিএনপি মিডিয়া সেল

তারেক রহমান ব্যক্তিগত জীবনে প্রাণীর প্রতি বিশেষ মমত্ববোধ পোষণ করেন। বিদেশে অবস্থানকালেও পরিবারের পোষা প্রাণীদের যত্ন নেওয়া ছিল তাঁর দৈনন্দিন অভ্যাসের অংশ। জেবুকে সঙ্গে নিয়ে দেশে ফেরা সেই ভালোবাসারই প্রকাশ।

আগেও যখন সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে ফেসবুক লাইভে দেখা গেছে, যেখানে তাঁর পাশেই ছিল প্রিয় পোষা বিড়ালটি। কখনো কোলে, কখনো পাশে বসে থাকা সেই বিড়ালটি নজর কেড়েছে কোটি ভক্ত ও দর্শকদের।

রাজনৈতিক বক্তব্যের ফাঁকে এমন দৃশ্য অনেকের কাছেই ধরা দিয়েছে ভিন্ন এক মানবিক উপস্থিতি হিসেবে। এসব লাইভ ভিডিও ঘিরে ফেসবুকে নানা মন্তব্য ও শেয়ার ছড়িয়ে পড়ে, যেখানে তারেক রহমানের প্রাণিপ্রেম নিয়েও আলোচনা হয়েছে।

ছবি: তারেক রহমানের ফেসবুক পেজ থেকে

রাজনৈতিক ব্যস্ততা ও কূটনৈতিক আলোচনার ভিড়েও তারেক রহমানের এই প্রাণিপ্রেমের গল্প মানুষের আগ্রহ কাড়ছে। কেউ দেখছেন ব্যক্তিগত জীবনের একটি স্বাভাবিক দিক হিসেবে, কেউ দেখছেন মানবিকতার প্রতীক হিসেবে।

সব মিলিয়ে, জেবুকে ঘিরে এই আলোচনায় রাজনীতির বাইরে আরেকটি পরিচয়ে সামনে এসেছেন তারেক রহমান, একজন প্রাণিপ্রেমী মানুষ হিসেবে।