সপ্তাহে উইকেন্ডে ত্বকের যত্ন এবং চুলের যত্ন নেওয়ার জন্য বিশেষ টিপস থাকে। তবে এই উইকেন্ডে সেলফ কেয়ার হতে পারে একটু অন্যরকম। আজ রইল পায়ের যত্নের টিপস। তাও আবার করতে পারবেন বাড়িতে বসেই। জেনে নিন ফুট স্পা কীভাবে করবেন?
সপ্তাহ জুড়ে থাকে নানা কাজ, তাই পরিশ্রমও হয় প্রচুর। এতে পায়ের উপরে যথেষ্ট চাপ পড়ে। কারও কারও তো পায়ের পেশি ব্যথায় কামড়ায়। কিন্তু বিষয়টি নিয়ে আমরা কেউই তেমন পাত্তা দেই না। তাই পায়ের কোন যত্ন না করেই আমরা সপ্তাহটা কাটিয়ে ফেলি। কিন্তু এই কাজটি করা একদমই ঠিক নয়। সপ্তাহে অন্তত কিছুটা সময় বের করে পায়ের যত্ন নিন।
পায়ের যত্নের শুরুটা করতে পারেন মালিশ দিয়ে। প্রথমে হাতে পরিমাণমতো তেল নিয়ে পায়ের পাতায় ও পেশিতে ভালোভাবে লাগান। তারপর দুই হাতে পা চেপে ধরে ধীরে ধীরে মাসাজ করুন। পায়ের তলায় ও পেশিতে আঙুল দিয়ে চাপ দিন। এই মাসাজে পায়ের রক্ত সঞ্চালন বাড়বে। একই সঙ্গে আপনিও রিল্যাক্স বোধ করবেন।
তারপর করতে পারেন স্ক্রাব। প্রথমে আপনাকে একটি পাত্রে পরিমাণমতো কফি পাউডার নিতে হবে। তাতে যোগ করুন পরিমাণমতো নারকেল তেল। এই দুই উপকরণ ভালোভাবে মেশালেই তৈরি হবে ফুট স্ক্রাব। তারপর সেটি পায়ের পাতায় এবং কাফে লাগিয়ে ধীরে ধীরে মাসাজ করুন। এতে পায়ের মৃত কোষের স্তর পরিষ্কার হয়ে যাবে। সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছাবে অন্দরে।
সবশেষে এই কাজটি করতে হবে। একটি গামলায় গরম পানি নিন। তাতে লিকুইড সোপ এবং লবণ যোগ করুন। এবার এটি ভালোভাবে মিশিয়ে নিন। এবার ওই গামলায় ১৫-২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। তারপর পা তুলে ধুয়ে মুছে নিন। এবার ময়শ্চারাইজার পায়ে লাগিয়ে নিন। তারপর ধীরে ধীরে মাসাজ করুন। আঙুলের কোণে জমে থাকা ময়লা পরিষ্কার করে নিন। তারপর পরিষ্কার পানিতে পা ধুয়ে নরম তোয়ালে দিয়ে মুছে নিন।