শীতে সোয়েটার ধোয়ার আগে মেনে চলুন এই টিপস

শীতের প্রকোপ প্রতিদিনই বাড়ছে। আলমারি থেকে নেমে গেছে সোয়েটার, মাফলার আর শাল। রোদে দিয়ে ব্যবহার শুরু করলেও বছরখানেক আগে তুলে রাখা এসব শীতপোশাক না ধুয়ে পরা স্বাস্থ্যসম্মত নয়।

ভালোভাবে পরিষ্কার না করে এসব শীতের পোশাক প্রতিদিন ব্যবহার করাও ঠিক নয়। এতে ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে। 

তবে শীতের পোশাক কীভাবে পরিষ্কার করা উচিত, তা অনেকেরই অজানা। উলের কাপড় ধোয়ার আগে তাই জেনে নিন কিছু বিষয়। 

উল খুব সংবেদনশীল। উলের তৈরি পশমি সোয়েটার তাই খুব বেশি ঘষে ধুতে যাবেন না। এতে সোয়েটারের গঠন নষ্ট হয়ে যেতে পারে। পশমি সোয়েটার ধোয়ার পর হাত দিয়ে আলতো করে চেপে চেপে শুকিয়ে নিন। 

সোয়েটার ধোয়ার পরে শুকানোর জন্য কখনও তার বা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না। ছবি: ফ্রিপিক

বাজারে উলের কাপড় ধোয়ার জন্য আলাদা ডিটারজেন্ট পাওয়া যায়। সেটি ব্যবহার করাই উত্তম। কেননা, সাধারণ ডিটারজেন্টে অনেক হার্শ বা কঠিন রাসায়নিক থাকে, যা উলের কাপড়ের ক্ষতি করতে পারে। অন্যদিকে উল ধোয়ার বিশেষ ডিটারজেন্ট সোয়েটারের আর্দ্রতা এবং কোমলতা বজায় রাখে। চাইলে ঠান্ডা পানিতে শ্যাম্পুও গুলে নিতে পারেন। এর মধ্যে উলের পোশাক কিছুক্ষণ ডুবিয়ে রেখে ধুয়ে নিন।

উলের সোয়েটার গরম পানি দিয়ে ধোয়া এড়িয়ে চলুন। গরম পানিতে পশমের সংকোচনের কারণে সোয়েটারের আকার নষ্ট হতে পারে। সবসময় ঠাণ্ডা বা হালকা গরম পানি দিয়ে পশমি কাপড় ধুয়ে নেবেন।

একটি সোয়েটার ধোয়ার পরে শুকানোর জন্য কখনও তার বা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না; এর পরিবর্তে একটি সমতল পৃষ্ঠে রাখুন এবং স্বাভাবিক বাতাসে শুকাতে দিন। এতে সোয়েটারের আকৃতি নষ্ট হবে না।

শীতে অনেকের পছন্দের পোশাক লেদার জ্যাকেট। এই জ্যাকেট ড্রাই ক্লিন করাই সবচেয়ে ভালো। তবে চাইলে সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে তাতে নরম কাপড় বা তোয়ালে ভিজিয়ে তা দিয়ে লেদারের জ্যাকেট পরিষ্কার করতে পারেন।

সোয়েটারের দাগ ওঠাতে ভিনেগার অত্যন্ত কার্যকর। এক কাপ পানিতে এক চা চামচ সাদা ভিনেগার মেশান, তারপর এই মিশ্রণটি দাগযুক্ত জায়গায় আলতো করে লাগান। একটু পরেই উঠে যাবে সোয়েটারের দাগ।