দিনের বেলায় গরম থাকলেও রাতে খানিকটা ঠান্ডা লাগে। এখনই জানান দিচ্ছে, শীত এল বলে। এবার আলমারি থেকে লেপ-কম্বল বা সোয়েটার-জ্যাকেটগুলো বের করার পালা। সেই এক বছর আগে তুলে রাখা হয়েছিল। এগুলো বের করে আগে পরিষ্কার করে নিতে হবে। কীভাবে করবেন এই কাজটি? জেনে নিন।
লেপের যত্ন: লেপ যদি শিমুল তুলার হয়ে থাকে, তবে তাহলে ধোয়া তো দূরের কথা, ড্রাই ওয়াশও করতে পারবেন না। এক্ষেত্রে লেপ রোদে দিন। এতে লেপের উপর থাকা ধুলা পরিষ্কার হয়ে যাবে। লেপের যদি কাভার থাকে, তবে সেটি সাবান দিয়ে ধুয়ে নিতে পারেন। লেপ পরিষ্কার না থাকলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে।
কম্বলের যত্ন: একই কথা কম্বলের ক্ষেত্রেও। লেপের মতো এটিও পরিষ্কার রাখা জরুরি। তবে কম্বল ধোয়া যেতে পারে। ক্ষার যুক্ত সাবান ব্যবহার না করে, শ্যাম্পু দিয়ে ধুতে পারেন। এক্ষেত্রে ১০ মিনিট শ্যাম্পুতে ধুয়ে রোদে শুকিয়ে নিন। আর বেশি ঝামেলা মনে হলে, লন্ড্রিতে দিতে পারেন। সেখানে ঝকঝকে করে দেবে আপনার সাধের কম্বল।
কাঁথার যত্ন: কাঁথা পরিষ্কার করা সবচেয়ে সহজ কাজ। আপনি চাইলে অনায়াসেই বাড়িতে কাঁথা কেচে নিতে পারেন। তারপর রোদে শুকিয়ে খুব সহজে ব্যবহার করতে পারেন।
সোয়েটারের যত্ন: পশমের বা উলের সোয়েটার অনেকে উষ্ণ গরম পানিতে ধুতে বলেন। এটা মোটেই করতে যাবেন না। এ ধরনের পোশাক ঠান্ডা পানিতে ধুয়ে নিন। তবে ধোয়ার সময় পানিতে পাতিলেবুর রস ও ভিনিগার দিয়ে দিতে পারেন। এতে পোশাকের রং ঠিক থাকবে।
লেদার জ্যাকেটের যত্ন: এ ধরনের জ্যাকেট বাড়িতে পরিষ্কার করা সম্ভব নয়। এগুলো অবশ্যই লন্ড্রিতে দিতে হবে। অনেকে আবার রোদে দিতে বলেন। এই কাজটিও করা উচিত নয়। জ্যাকেট কয়েক বছর পুরনো হয়ে যায়, তবে ভেতরের লাইনিং পালটে নিন।



