শীতেও পাতলা অর্গাঞ্জা শাড়িতে অনন্যা কাজল

এই শীতে পাতলা শাড়িতে আকর্ষণীয় রূপে ধরা দিলেন বলিউড অভিনেত্রী কাজল। ফুলেল অর্গাঞ্জা শাড়ি, তাঁকে যেন করে তুলেছে অতুলনীয়। ফ্যাশনিস্তারা মনে করছেন, প্রতিটি ব্রাইডসমেইডের সংগ্রহে এমন একটি শাড়ি থাকাই উচিত। এই শাড়ি এরই মধ্যে ফ্যাশন স্টেটমেন্ট দারুণ সাড়া ফেলে দিয়েছে। কাজল তাঁর লুক একেবারে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। লাল রঙের রুবি দিয়ে সজ্জিত স্টেটমেন্ট নেকলেস, সোনালী কড়া আর আঙটি, শাড়িতে তাঁর সৌন্দর্যকে যেন কয়েকগুণে বাড়িয়ে দিয়েছে।

ভারী শীতেও কাজল পরেছেন পাতলা অর্গাঞ্জা শাড়ি। ছবি: ইনস্ট্রাগ্রাম থেকে সংগৃহীত

হালকা শীতের জন্য কাজলের এই ফুলের শাড়িটি হতে পারে আদর্শ। তবে ভারী শীতেও কাজল কেন ফুরফুরে এই শাড়ি পরেছেন, তা নিয়ে ট্রেন্ডসেটারদের মধ্যে চলছে অনেক গুঞ্জন। ৯০ দশকের জনপ্রিয় এই তারকা সম্প্রতি একটি আউটিংয়ে, রোমান্টিক মুডে নিজেকে প্রকাশ করেছেন। যেখানে, তাঁকে দেখা যায় হালকা সুতায় তৈরি অর্গাঞ্জা শাড়িতে। পীচ-গোলাপি রঙের এই শাড়িতে ফুটে উঠেছে উজ্জ্বল হলুদ, কমলা এবং সবুজ রঙের ফুল ও পাতা। যা দেখে ফ্যাশনপ্রেমী সবাই মুগ্ধ হয়েছেন। চকচকে শাড়ির ফ্লোরাল জরির বর্ডারটি ছিল অত্যন্ত সূক্ষ্ম ও আকর্ষণীয়। এটি তাকে আরো রাজকীয় ও উদ্ভাসিত করেছে।

শাড়িটির সঙ্গে তাঁর গোলাপি ব্রোকেড স্লিভলেস ডিজাইনের ব্লাউজ ছিল। এটি পরেছিলেন তিনি স্কুপ নেকলাইনের সঙ্গে। সবমিলে খুব সাধারণ হলেও, তিনি ধরা দিয়েছেন দারুণ স্টাইলিশ রূপে। কাজল এই শাড়িটি পরেছিলেন একেবারে এদেশীয় স্টাইলে। যেখানে কাঁধ থেকে শাড়ির আঁচল সুশোভিতভাবে ঝুলেছিল। দেখে মনে হয়েছে, যেন একটি সুন্দর ক্যানভাসে আঁকা ছবি।

তাঁর লুকে অন্যতম আকর্ষণ ছিল লাল রুবি দিয়ে সজ্জিত স্টেটমেন্ট নেকলেস। সোনালী কড়া আর আঙটি, যা পুরো ফ্যাশন স্টেটমেন্টকে পূর্ণতা দিয়েছে। তবে সবার নজর কেড়েছে তাঁর বাম হাতে থাকা সোনালী ঘড়ি। ক্লাসিক শাড়ির সঙ্গে একদম অপ্রত্যাশিত এবং চমকপ্রদ এই ঘড়ি দারুণভাবে মানিয়ে গেছে। কাজল তাঁর এলোমেলো চুল খোঁপায় বেঁধে, সেটি সাজিয়েছিলেন তাজা গোলাপ ও বেবি’স ব্রেথ দিয়ে। এটি তাঁকে দিয়েছে রোমান্টিক এবং ফ্রেশ টাচ।

খুব সাধারণ পোশাকেও নিজেকে দারুণভাবে ফুটিয়ে তুলতে পারেন কাজল। ছবি: ইনস্ট্রাগ্রাম থেকে সংগৃহীত

সৌন্দর্যচর্চায় তিনি বেছে নিয়েছিলেন উইংড আইলাইনার, গাঢ় ভ্রু, গালে হালকা ব্লাশ ও হাইলাইটারের ছোঁয়া। গাঢ় রঙের লিপস্টিক, তাঁর লুকটিকে দিয়েছে অন্য এক মাত্রা।

এটি প্রথমবার নয়, যখন কাজল শীতকালে গাঢ় রঙের প্যালেট এবং ভারী কাপড় এড়িয়ে, হালকা ও রোমান্টিক পোশাক বেছে নিয়েছেন। সম্প্রতি, তিনি এমব্রয়ডারিতে করা হলুদ কুর্তা সেট পরেছিলেন। বিমানের ভেতর থেকে ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘পেছনে সূর্যাস্তের সঙ্গে টুইনিং করছি।’ তাঁর নেটফ্লিক্স ফিল্ম ‘দো পাত্তি’র প্রচারণার সময়ও কাজল একাধিক সামার স্টাইল বেছে নিয়েছিলেন। যার মধ্যে রয়েছে ফুলেল প্যান্টসুট এবং চার্টরুজ শাড়ি। এগুলো তাঁর স্টাইলে দিয়েছে নতুন মাত্রা।

কাজলের এই লুকটি প্রমাণ করে, ফ্যাশন শুধু পোশাকের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আমাদের ব্যক্তিত্ব, অনুভূতি এবং নিজস্বতা প্রকাশের শক্তিশালী মাধ্যম।