কালো মিরর ওয়ার্ক শাড়িতে নজর কাড়লেন নীতা আম্বানি

ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনে হাজির হয়ে আবারও ফ্যাশন মহলে নিজের উপস্থিতি জানান দিলেন নীতা আম্বানি। জিও ওয়ার্ল্ড প্লাজায় এক স্টোর উদ্বোধনে তিনি এসেছিলেন কালো মিরর-ওয়ার্ক শাড়িতে। গলায় মুক্তা ও হীরের গয়না, হাতে ঝলমলে সোনালি পটলি। পোশাক আর গয়নায় ছিল ঐতিহ্য আর জাঁকজমকের চূড়ান্ত মিশেল।

পোশাকে আবু-সন্দীপের ছাপ

রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি অনেকটাই গৌণ, সংযত ফ্যাশন বেছে নিচ্ছিলেন গত ক’টি অনুষ্ঠানে। তবে এবার যেন ফিরলেন নিজের চেনা স্টাইলে। গর্জিয়াস, গ্র্যান্ড এবং সম্পূর্ণ ভারতীয় ঐতিহ্যে মোড়া।

আবু জানি ও সন্দীপ খোসলার সঙ্গে নীতা আম্বানির সম্পর্ক কেবল পেশাদার নয়, অনেকটা পারিবারিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে

তিনি পরেছিলেন একটি কালো শাড়ি, যার বর্ডারজুড়ে ছিল নিখুঁত মিররওয়ার্ক ও সূক্ষ্ম সোনালি এমব্রয়ডারি। ব্লাউজটি ছিল সোনালি রঙের, ভেলভেট টেক্সচারে, যেটা পুরো লুকটিকে আরও উজ্জ্বল করে তোলে।

গয়নায় ম্যাক্সিমালিজমের সৌন্দর্য

নীতা আম্বানির ফ্যাশন স্টাইল বরাবরই বড় গয়না, রত্ন আর ঐতিহ্যবাহী সাজের প্রতি ঝোঁক রাখে। এবারও তার ব্যতিক্রম হয়নি। গলায় ছিল একাধিক মুক্তা ও হীরের জড়ানো হার। কানে বড় দুল, হাতে সোনালি ও হীরের বালা। তাঁর সাজে ছিল একধরনের আধিপত্য। পায়ে কালো হিলস, হাতে গোল্ড পটলি। সব মিলিয়ে যেন সুনির্মিত এক রাজকীয় ফ্রেমে বাঁধানো প্রতিচ্ছবি।

ডিজাইনারদের সঙ্গে পুরোনো সম্পর্ক

আবু জানি ও সন্দীপ খোসলার সঙ্গে নীতা আম্বানির সম্পর্ক কেবল পেশাদার নয়, অনেকটা পারিবারিক। শুধু তিনি নন, তাঁর কন্যা ঈশা আম্বানি, পুত্রবধূ শ্লোকা মেহতা ও রাধিকা মার্চেন্ট, তাঁদের বিয়েতেও এই ডিজাইনার জুটির পোশাক ছিল চোখে পড়ার মতো।

তিন দশকেরও বেশি সময় ধরে ভারতের ফ্যাশন দুনিয়ায় সক্রিয় এই ডিজাইনার জুটি বরাবরই ভারী কাজ, জড়ানো এমব্রয়ডারি ও মিররওয়ার্কের জন্য জনপ্রিয়। তাঁদের পোশাকে রাজকীয়তা আর হস্তশিল্পের মেলবন্ধন থাকে সবসময়।

স্টোর উদ্বোধনেই এমন সাজ?

এমন প্রশ্ন অনেকের মনেই এসেছে। তবে উত্তরটি সহজ। এই ডিজাইনারদের নতুন স্টোর মানে তাঁদের বছরের পর বছর ধরে গড়ে তোলা ব্র্যান্ডের এক নতুন অধ্যায়। আর সেখানে তাঁদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নীতা আম্বানি এমনভাবে উপস্থিত হবেন। সেটাই ছিল স্বাভাবিক।

ফ্যাশনের ভাষায় যদি কেউ নিজেকে তুলে ধরতে জানেন, নীতা আম্বানি তাঁদের একজন। আর এবারের এই সাজ ছিল তার আরও এক নিখুঁত প্রমাণ।