নিউ ইয়র্ক শহরের রাস্তায় হেঁটেই যেন পুরো র্যাম্প দখল করে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। নতুন অ্যাকশন-কমেডি সিনেমা ‘হেডস অব স্টেট’-এর প্রমোশনে এসে একেবারে নিখুঁত ‘পাওয়ার ড্রেসিং’ এর নমুনা দিলেন এই বলিউড ডিভা। একরঙা অল-ব্ল্যাক লুকে তিনি তুলে ধরলেন আধুনিক কর্মজীবী নারীর আত্মবিশ্বাসী ও স্টাইলিশ রূপ।
সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা জানান দিলেন তাঁর ব্যস্ত নিউ ইয়র্ক ডে-আউটের গল্প। সেখানে তাঁকে দেখা যায় সহ-অভিনেতা জন সিনা এবং ইদ্রিস এলবার সঙ্গে পোজ দিতে। কিন্তু নেটদুনিয়ার নজর গিয়ে পড়ে এক জায়গাতেই, প্রিয়াঙ্কার ‘লেডি বস’ লুক।
ফেরাগামোর প্রি-ফল ২০২৫ কালেকশন থেকে নেওয়া এই লুকটি ছিল অত্যন্ত স্লিক ও স্ট্রাকচারড। সাদা বোতাম দেওয়া একটি শার্প শার্ট আর টেইলারড বুটকাট ট্রাউজার, দুইয়ে মিলে তৈরি হয়েছে এক অসাধারণ গ্ল্যামারাস আউটফিট।
তিনি নিজের ছবির ক্যাপশনে লিখেছেন, ‘দৃশ্যটা তীক্ষ্ণ, মেজাজটা বৈদ্যুতিক। আর আমরা এখানে হঠাৎ করে আসিনি।’ এই এক লাইনে যেন ধরা পড়েছে তাঁর পোশাকের বক্তব্যও, সাহস, আত্মবিশ্বাস আর নিয়ন্ত্রণ।
এই পাওয়ারসুট লুকটিকে আরও পরিপূর্ণ করতে প্রিয়াঙ্কা বেছে নিয়েছেন কয়েকটি স্টেটমেন্ট অ্যাক্সেসরিজ। ব্ল্যাক হিলস, একটি চোখে পড়ার মতো ঘড়ি, ককটেল রিং ও গোল্ড হুপ ইয়াররিংস। সব মিলিয়ে একেবারে নিখুঁত ফিনিশিং টাচ।
চুল বাঁধা হয়েছে সাইড পার্টেড স্লিক বান করে। যা একদিকে আধুনিক, আবার অন্যদিকে অফিসপ্রেজেন্টেবলও। তাঁর ব্রোঞ্জি-নিউড মেকআপ ছিল একদম নিখুঁত। যা চেহারার স্বাভাবিক সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে।
এই ব্ল্যাক প্যান্টস্যুট লুক একদিকে যেমন আরামদায়ক, তেমনি সময়োপযোগী। কোনো অফিস মিটিং, প্রেজেন্টেশন কিংবা এমনকি কর্পোরেট ডিনারেও এটি হতে পারে পারফেক্ট চয়েস। প্রিয়াঙ্কা দেখিয়ে দিলেন, কর্পোরেট পোশাক মানেই শুধু নির্দিষ্ট ছাঁট বা বোরিং রঙ নয়। তাতে থাকতে পারে স্টাইল, ব্যক্তিত্ব ও প্রভাব।
যারা ভাবছেন কর্পোরেট পোশাকে কীভাবে ফ্যাশন স্টেটমেন্ট দেওয়া যায়, প্রিয়াঙ্কার এই লুক তাদের জন্য এক পরিপূর্ণ অনুপ্রেরণা। কারণ সত্যিই, এমন একটা পাওয়ার মুভ যেকোনো কর্মজীবী নারীর ওয়ার্ডরোবেই থাকা উচিত।