৮০ বছর পার করল রোলেক্স ডেটজাস্ট। সময়ের কাঁটা গড়িয়েছে বহু দূর, বদলেছে ট্রেন্ড, বদলেছে রুচি। তবে বদলায়নি রোলেক্সের এই চিরায়ত ঘড়িটির কদর। যুদ্ধ, ফ্যাশনের পরিবর্তন, প্রযুক্তির বিপ্লব, সবকিছুকে ছাপিয়ে আজও অমলিন যার সৌন্দর্য ও গুরুত্ব, সেটি শুধু ঘড়ি নয়, একটি ইতিহাস।
রোলেক্সের নাম শুনলেই যেসব ঘড়ি মাথায় আসে, তার মধ্যে থাকে সাবমেরিনার, ডেটোনা কিংবা জিএমটি-মাস্টার টু। তবে একটু আড়ালে থাকা আরেকটি মডেল, ডেটজাস্ট। আলোচনায় কম এলেও, রোলেক্সের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহাসিক ঘড়িগুলোর একটি এটি। আর এই বছরই মডেলটির বয়স দাঁড়াল ৮০।
ডেটজাস্টের শুরু
১৯৪৫ সালে রোলেক্সের ৪০ বছর পূর্তি উপলক্ষে বাজারে আনা হয় ডেটজাস্ট। তখন থেকেই এটি হয়ে ওঠে ক্লাসিক এলিগেন্সের প্রতীক। রোলেক্স বলছে, ‘ঘড়ি নির্মাণে এক যুগান্তকারী উদ্ভাবন ছিল ডেটজাস্ট। এটি ছিল বিশ্বের প্রথম স্বয়ংক্রিয়, পানিরোধী ক্রোনোমিটার ঘড়ি। এই ঘড়ির ডায়ালে ছিল তারিখ দেখার ব্যবস্থা।’
ডায়ালের ৩টার ঘরে বসানো হয় বিশেষ সাইক্লপস লেন্স, যা তারিখকে স্পষ্ট করে তোলে। সময়কে মনে করিয়ে দেওয়ার পাশাপাশি প্রতিটি দিনকে যেন স্মরণীয় করে তোলার অনুপ্রেরণা জোগায় এটি।
ঘড়িটি প্রথম উন্মোচিত হয় সুইজারল্যান্ডের জেনেভায় এক অনুষ্ঠানে, রোলেক্সের প্রতিষ্ঠাতা হ্যান্স উইলসডর্ফের উদ্যোগে। আরেকটি বৈশিষ্ট্য ছিল এর জুবিলি ব্রেসলেট, পাঁচটি ধাতব লিংকে গঠিত এই ব্রেসলেট নমনীয়, পরতে আরামদায়ক এবং দেখতে মার্জিত।
বিশ্বনন্দিত মানুষের হাতে
ডেটজাস্টের যাত্রার শুরুর দিকেই এটি চলে যায় বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের হাতে। নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডুইট ডি. আইজেনহাওয়ার, তাঁদের হাতে দেখা গেছে এই ঘড়ি।
সোথেবিস জানায়, চার্চিল পরতেন ১৮ ক্যারেট সোনার ডেটজাস্ট, যার ছিল ফ্লুটেড বেজেল, সাদা ডায়াল এবং জুবিলি ব্রেসলেট।
১৯৫৭ সালে নারীদের জন্য ছোট আকারের ডেটজাস্ট বাজারে আনে রোলেক্স। আকারে ছোট হলেও এর সৌন্দর্য ও কৃতিত্ব ছিল পুরুষদের সংস্করণের মতোই।
দাম কত?
রোলেক্স ডেটজাস্ট পরা মানেই হাতে সময়ের এক কিংবদন্তিকে ধারণ করা।
- ৩৬ মিলিমিটার অয়েস্টারস্টিল মডেলের দাম শুরু প্রায় ৬,৯৫০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১০ লাখ টাকা।
- সোনার বা টু-টোন মডেল কিনতে হলে খরচ পড়বে প্রায় ১৪ লাখ ৫০ হাজার থেকে ২৯ লাখ টাকার মতো।
- নারীদের মডেল শুরু ৬,৩০০ পাউন্ড থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা। হীরা বসানো হলে দাম বেড়ে হয় ১২ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত।
৮০ বছর পেরিয়ে এসেও রোলেক্স ডেটজাস্ট আজও ফ্যাশনে ইন। প্রযুক্তির বিপ্লব, ডিজিটাল যুগ—সবকিছুকে পাশে রেখে এই ঘড়ি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একে শুধু ঘড়ি বললে কম বলা হয়, বরং এটি হয়ে উঠেছে সময়ের সাক্ষ্য বহনকারী এক জীবন্ত ইতিহাস, এক সাংস্কৃতিক প্রতীক।